নিম্নমুখী প্রবণতা অব্যাহত শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। পাশাপাশি লেনদেনও কমেছে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা।
ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪০২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টির দাম কমেছে, বেড়েছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৩০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে হা ওয়েল টেক্সটাইল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে হা ওয়েল টেক্সটাইল। আজ এ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গোল্ডেন সন, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপেক্স ফুটওয়্যার, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, অ্যামারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ৬৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৯৩ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম কমেছে, বেড়েছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।