নিম্নমুখী প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২৫ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬৬০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ১৩ পয়েন্ট সূচক বাড়লেও এর পর নিম্নমুখী প্রবণতা শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯৭ কোটি টাকা কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৮৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে পদ্মা অয়েল
গতকালের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল। আজ এই প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিএসসিসিএল, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।