নিম্নমুখী প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ১৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৯০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা পৌনে দুইটা পর্যন্ত এভাবেই লেনদেন চলে। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আজ এ প্রতিষ্ঠানের ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, গ্রামীণফোন, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ৪৯ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৫২ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।