নিম্নমুখী প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ৩৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৬৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬টির দাম কমেছে, বেড়েছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৪০ কোটি টাকা কম। এদিন এ বাজারে ৬৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাউথইস্ট ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ৯৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪০৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টির দাম কমেছে, বেড়েছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।