নিম্নমুখী প্রবণতা দুই শেয়ারবাজারে
চাঙাভাবের মধ্য দিয়ে বছরের প্রথম কর্মদিবসে লেনদেন হলেও আজ সোমবার দ্বিতীয় কর্মদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইতে সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন কমার পাশাপাশি বাজার মূলধনও কমেছে। অন্যদিকে সিএসই সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। বাজার বিশ্লেষকেরা এটাকে স্বাভাবিক অবস্থা হিসেবে অভিহিত করেছেন।ডিএসই সূত্রে জানা যায়, সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৮১৮৪ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট এক হাজার ৩৭২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪০ কোটি টাকা কম।এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম কমেছে। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে সবকটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৮টির, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৪টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে নয়টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সাতটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৮টির, আইটি খাতের পাঁচটির মধ্যে তিনটির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ৩১টির মধ্যে ১৯টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৬টির, টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩০১ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৩১৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে আজ বাজার বিশ্লেষকেরা বাজারের নিম্নমুখী প্রবণতাকে স্বাভাবিক হিসেবে আখ্যায়িত করেছেন। ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, কয়েক দিন অব্যাহতভাবে চাঙাভাবের পর আজ স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সটেক্স, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক ও বেক্সিমকো।আজ সবচেয়ে বেশি বেড়েছে সিঙ্গার বাংলাদেশের শেয়ারের দাম। এ ছাড়া স্টাইল ক্র্যাফট, অ্যাপেক্স স্পিনিং, পপুলার লাইফ ইনস্যুরেন্স, যমুনা ব্যাংক, মুন্নু স্টাফলার, মিথুন নিটিং, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল ও এসিআই জিরো কুপন বন্ড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে লিব্রা ইনফিউশনের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু জুটেক্স, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, ডাচ্-বাংলা ব্যাংক, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইনস্যুরেন্স, রহিম টেক্সটাইল, এক্সিম ব্যাংক, কেয়া ডিটারজেন্ট ও প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৮৩ কোটি টাকা।