নিম্নমুখী প্রবণতার প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক অস্থিরতা শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই বাজারে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গত সপ্তাহ শেষে ৩ দশমিক ৮০ শতাংশ বা ২০৪ পয়েন্ট কমেছে। গত মঙ্গলবার হরতালের শেষ দিন থেকে বাজারে দরপতন শুরু হয়ে তা সপ্তাহের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে। এর আগে রবি ও সোমবার দুই কার্যদিবসের মধ্যে প্রথম দিন ডিএসইর সাধারণ সূচক অপরিবর্তিত ছিল আর সোমবার সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছিল। গত সপ্তাহজুড়ে শেয়ার বাজারের এমন অবস্থার জন্য দেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন বাজার বিশ্লেষকেরা।জানতে চাইলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান আজিজ হালিম খায়ের চৌধুরীর প্রধান পরামর্শক ও পুঁজিবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তার নেতিবাচক প্রভাব গত সপ্তাহে শেয়ারবাজারেও পড়েছে। রাজনৈতিক কারণে অনেক ব্যক্তি বিনিয়োগকারী শঙ্কিত হয়ে পড়েছেন। এ জন্য তাঁরা হয়তো হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে ঝুঁকিমুক্ত হওয়ার চেষ্টা করেছেন। একইভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনেকের মধ্যেও এ ধরনের আচরণ ছিল। আর এর সঙ্গে যুক্ত হয়েছেন একশ্রেণীর সুযোগসন্ধানী বিনিয়োগকারী, যাঁরা রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগাতে বাজারে কিছু গুজব ছড়িয়েছেন। যাতে করে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়। আর সেই সুযোগে কম দামে শেয়ার কিনে নেন সুযোগসন্ধানী বিনিয়োগকারীরা। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে ঢাকার বাজারে। সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৫ শতাংশ বা এক হাজার ২৯৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮০৮ কোটি টাকায়। সেই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ২৫৯ কোটি টাকা কমে নেমে এসেছে ৭৬২ কোটি টাকায়। আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল এক হাজার কোটি টাকার ওপরে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ১৬৩ পয়েন্টে। গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে প্রায় ৮২ শতাংশেরই দরপতন ঘটেছে। গত সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। সূচক ও লেনদেনের পাশাপাশি বাজারের মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) গড় ভারিত্বও কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৩-এ।