নিম্নমুখী প্রবণতায় সূচক ও লেনদেন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার সূচক ও লেনদেনে নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। তবে শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে সূচক কমেছে ৩০ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,২৪০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ২০ পয়েন্ট বাড়ে সূচক। দুপুর ১২টার পর নিম্নমুখী ধারায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৮২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৯৩ কোটি টাকা লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১১১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৮০ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৬২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লঙ্কাবাংলা ফিন্যান্স, আরগন ডেনিমস, গোল্ডেন সন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, প্যারামউন্ট টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, আরডি ফুড প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।