নিম্নমুখী বাজারে দাম বৃদ্ধির শীর্ষে সিএমসি কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমুখী বাজারে আজ মঙ্গলবার দাম বাড়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ছয় টাকা ৮০ বেড়েছে। সারা দিন প্রতিষ্ঠানটির শেয়ার ৭১ থেকে ৭৫ টাকা ২০ পয়সার মধ্যে লেনদেন হয়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৬০ লাখ টাকা। উল্লেখ্য, গত দুই বছরে সিএমসি কামালের শেয়ারের দাম প্রায় ৭৫ গুন বৃদ্ধি পেয়েছে।এ ছাড়া আজ অ্যাকটিভ ফাইন, সিনোবাংলা, ফিনিক্স ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, কাশেম ড্রাইসেল, মেঘনা সিমেন্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স ও তাক্কাফুল ইনস্যুরেন্স দাম বাড়ার শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে সূচক ও আর্থিক লেনদেন গতকালের চেয়ে কমে গেছে।বাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, শেয়ারবাজারে ওঠানামা থাকবে এটাই স্বাভাবিক এবং বাজারের জন্য তা ইতিবাচক। তবে অতিরিক্ত ওঠানামাটা অস্বাভাবিকতার লক্ষণ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সূচক ৭ পয়েন্ট নেমে যায়। বেলা ১১টা ২৫ মিনিটের পর থেকে সূচক আবার বাড়তে থাকে। এরপর কয়েকবার ওঠানামা করে সূচক। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৯.৮৩ পয়েন্ট কমে ৬,৩১৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ১৫০ কোটি টাকা, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড এয়ারওয়েজ, কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, শাইনপুকুর সিরামিক ও আর এন স্পিনিং।আজ সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া ইনটেক অনলাইন, এইচ আর টেক্সটাইল, সমতা লেদার, গ্রামীণ স্কিম ১, ইস্টার্ন ব্যাংক, অলটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম ও রহিমা ফুড দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার ৫৮৫ কোটি টাকা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০৮.৫৭ পয়েন্ট কমে ১৭৭৮১.৮০ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে মোট ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬০টির এবং কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ১৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে।