নিম্নমুখী হয়ে পড়ছে শিল্পোৎপাদনের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্প খাতে গতিময়তা থাকলেও তা ক্রমেই নিম্নমুখী হয়ে পড়ছে। অর্থাৎ শিল্পোৎপাদনসহ অন্যান্য কর্মকাণ্ডে প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজশিল্প এবং বিদ্যুৎ খাতের পরিমাণ সূচক (যা কোয়ান্টাম সূচক নামে পরিচিত) থেকে এ চিত্র পাওয়া গেছে। যদিও চলতি ২০১২-১৩ অর্থবছরের আট মাস অতিক্রান্ত হওয়ার পর প্রথম পাঁচ মাসের হালনাগাদ পরিসংখ্যান পাওয়া গেছে।বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রস্তুতশিল্পের (ম্যানুফ্যাকচারিং) উৎপাদন বাড়লেও চলতি অর্থবছরের প্রথম থেকেই এ শিল্প খাতের উৎপাদন আগের মাসের চেয়ে কমে যাচ্ছে। জুলাই মাসে যেখানে প্রস্তুতশিল্পের উৎপাদন সূচক ছিল ৬১০ দশমিক ৩৬ পয়েন্ট, সেখানে নভেম্বর মাসে তা নেমে এসেছে ৫৬৯ দশমিক ৭৭ পয়েন্টে। যদিও গত বছর নভেম্বর মাসে এ সূচক ছিল ৫১৬ পয়েন্ট। পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রস্তুতশিল্পের উৎপাদন সূচক দাঁড়িয়েছে ৫৮৩ দশমিক ২০ পয়েন্ট। গ্যাস-বিদ্যুৎসংকট এবং ব্যাংকঋণের উচ্চ সুদের হার এ সময়কালে শিল্প খাতের উৎপাদনকে প্রভাবিত করেছে বলে মনে করা হয়। প্রস্তুতশিল্পের গতি-প্রকৃতি হিসাব করা হয় বাছাইকৃত কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে। যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয় তার মধ্যে আছে পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।আলোচ্য সময়কালে তুলনামূলকভাবে বেশি অবনতি হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। অর্থবছরের শুরুতে জুলাই মাসে বিদ্যুৎ উৎপাদনের সূচক ছিল ৫১০ দশমিক ২৬ পয়েন্ট, যা আগস্ট মাসে বেড়ে হয় ৫৭৮ দশমিক ৫৮ পয়েন্ট। এরপর আবার তা কমতে থাকে এবং নভেম্বর মাসে তা নেমে আসে ৪১৫ দশমিক ৮০ পয়েন্টে। অন্যদিকে তার আগের অর্থবছরের নভেম্বর মাসে ছিল ৫০২ দশমিক ১৭ পয়েন্টে। পরিসংখ্যান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে মাঝখানে বিদ্যুৎ খাতের পরিস্থিতির যতটুকু অগ্রগতি হয়েছিল, তা আবার শ্লথ হয়ে গেছে। আবার এ সময়কালে খনিজশিল্পের উৎপাদন-পরিস্থিতি তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী ছিল। জুলাই মাসে ৫০০ পয়েন্ট থেকে শুরু হয়ে সামান্য ওঠা-নামার মধ্য দিয়ে নভেম্বর মাসে তা ৫১২ দশমিক ১৩ পয়েন্টে উন্নীত হয়েছে। আর ২০১১ সালের নভেম্বর মাসে এ সূচক ছিল ৪৫০ দশমিক ৬৮ পয়েন্ট।তবে শিল্পোৎপাদনের পরিমাণ সূচক হালনাগাদ করার উদ্যোগ চূড়ান্ত করেছে বিবিএস। এ সূচক নির্ধারণের জন্য নতুন ভিত্তিবছর হিসেবে ২০০৫-০৬ অর্থবছরকে গ্রহণ করা হয়েছে। জরিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ানো হয়েছে। এত দিন পর্যন্ত ১৯৮৮-৮৯ ভিত্তিবছর ধরে এ হিসাব নির্ণয় হয়ে আসছিল। এতে নমুনা হিসেবে ৮০২টি শিল্পপ্রতিষ্ঠান থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হতো। কিন্তু দেশে গত দুই যুগে নতুন অনেক শিল্পপ্রতিষ্ঠান হয়েছে। নতুন নতুন খাত উঠে এসেছে। আবার পুরোনো অনেক শিল্প খাতের উৎপাদন কমে গেছে। আর তাই অনেক দিন ধরেই এ ভিত্তিবছর হালনাগাদ করা এবং জরিপের জন্য নমুনার আয়তন বাড়ানোর কথা বলা হয়েছে।মাঝখানে একবার ১৯৯৮-৯৯ অর্থবছরকে ভিত্তিবছর ধরে শিল্পসূচক হালনাগাদ করার পরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি।