স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) স্কিম অনুমোদনের আগে গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সিএসইর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর দিলকুশায় অবস্থিত বিএসইসির কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত বিএসইসির খসড়া স্কিমের কয়েকটি বিষয়ে ভিন্নমত তুলে ধরেন সিএসইর নেতারা।
কমিশন সূত্রে জানা গেছে, সিএসইর পক্ষ থেকে গতকাল ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী স্টক এক্সচেঞ্জের ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়। আটজন স্বতন্ত্র ও সাতজন শেয়ারধারীকে নিয়ে এই পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদাধিকারবলে ভোটাধিকারসহ পর্ষদ সদস্য করার বিষয়ে একমত পোষণ করে সিএসই।
স্কিমের চূড়ান্ত খসড়ায় ১৩ জনের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাতজন স্বতন্ত্র, পাঁচজন শেয়ারধারী এবং সিইও বা এমডিকে ভোটাধিকারের ক্ষমতা দিয়ে পর্ষদ গঠনের কথা বলা হয়। তবে ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কত সদস্যের হয়, সেটি জানা যাবে স্কিম চূড়ান্ত হওয়ার পর।
আইন অনুযায়ী, ২৯ সেপ্টেম্বরের মধ্যে বিএসইসিকে ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন করতে হবে।