নিয়ম ভঙ্গ করলে শাস্তি নিশ্চিত করতে হবে: রকিবুর
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত সভাপতি মো. রকিবুর রহমান বলেছেন, কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁকে শাস্তি দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উচিত হবে অন্যায়কারীকে সরাসরি এবং তাত্ক্ষণিক শাস্তি দেওয়া। এতে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং বাজার স্থিতিশীল হবে।আজ রোববার বিকেলে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রকিবুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজার শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম। দেশের অবকাঠামো উন্নয়নে এখান থেকে অর্থ উত্তোলন করা সম্ভব। পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে সাধারণ জনগণের অংশ গ্রহণ নিশ্চিত হবে। অন্যদিকে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে এ ক্ষেত্রে সব পক্ষের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।রকিবুর রহমান আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন শতভাগ সত্য হলে বিনিয়োগকারীরা যথাযথ সিদ্ধান্ত নিতে পারবে। তাঁরা চিন্তামুক্ত থেকে বিনিয়োগ করতে পারবেন। এ ছাড়া ডিএসই ও এসইসির মনিটরিং ও সার্ভিলেন্স বিভাগকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।ডিএসইর সভাপতি বলেন, ‘আমাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা সৃষ্টি হয়েছে।’ বিনিয়োগকারীদের এই প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, এর আগেও তিনি একাধিকবার ডিএসইর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় চাহিদা অনুযায়ী শেয়ারের সরবরাহে সামঞ্জস্যতা ছিল না। অনেক চেষ্টা করে বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। আর তাই একপর্যায়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। এবার যাতে একই সমস্যা না হয়, সে ব্যাপারে চেষ্টা করা হবে।সত্যিকারের বিনিয়োগকারীদের বাজারে আসার আহ্বান জানিয়ে ডিএসইর এই নেতা বলেন, দিনের লেনদেনের জন্য নয় বরং বিনিয়োগের মানসিকতা নিয়ে বাজারে আসতে হবে।