নিয়ম ভঙ্গ করায় ৯ প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা
সিকিউরিটিজ-সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় নয়টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার এসইসির ৪৬০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশেম ড্রাইসেলস লিমিটেডের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ব্রোকার প্রতিষ্ঠান আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, সালটা ক্যাপিটাল লিমিটেড, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, রিল্যায়েন্স সিকিউরিটিজ কনসালট্যান্ট লিমিটেড ও লংকা-বাংলা সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।এতে আরও বলা হয়, প্যারামাউন্ট ইনস্যুরেন্স লিমিটেড ও গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকার প্রতিষ্ঠান জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।গত ২৩ ও ২৪ মে দুটি গ্রাহক কোডের বিপরীতে বিভিন্ন সিকিউরিটিজের শর্ট সেলিং করায় পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে (ডিএসই) এক লাখ টাকা জরিমানা করে এসইসি। একই সঙ্গে বিভিন্ন সিকিউরিটিজের আগ্রাসী বিক্রিতে জড়িত থাকার অভিযোগে এবি সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করে কমিশন।এ ছাড়া নন-মার্জিনেবল সিকিউরিটিজে ঋণ দেওয়ায় ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডকে (ডিএসই) আজকের সভায় দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়।এদিকে নভেলি সিকিউরিটিজ লিমিটেডের অনুমোদিত প্রতিনিধি এস এম ফারুক সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের অব্যবহিত আগে নিজ হিসাবে স্থানান্তর ও রেকর্ড ডেটের পরে গ্রাহকের হিসাবে শেয়ার প্রদান করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাঁর অনুমোদিত প্রতিনিধির সনদ বাতিল করা হয়েছে।