অডিট বা নিরীক্ষা অধিদপ্তরগুলোতে নিয়োগ নিয়ে ঘুষের কোনো কারবার হয় না বলে দাবি করলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ। তাঁর যুক্তি হলো নিয়োগ নিয়ে ঘুষের কারবার হয় বা হয়েছে বলে কোনো আবেদনকারীর কাছ থেকে তিনি অভিযোগ পাননি।
সিএজি কার্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর অডিট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদ আহমেদ এ কথা বলেন। এতে সিএজি কার্যালয়ের কাজের সার্বিক দিক তুলে ধরেন ডেপুটি সিএজি শ্যামল কান্তি চৌধুরী। এ সময় সিএজি কার্যালয়সহ বিভিন্ন নিরীক্ষা অধিদপ্তরের ৫০ জনের মতো কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেসামরিক হিসাব ব্যবস্থাপনা নিয়ে মহাহিসাব নিয়ন্ত্রক (সিজিএ) আবুল কাশেম, প্রতিরক্ষা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিডিএফ) সম্পর্কে জ্যেষ্ঠ অর্থ নিয়ন্ত্রক (সেনাবাহিনী) মোহাম্মদ জাকির হোসেন এবং রেলওয়ে বিষয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (রেলওয়ে পূর্ব) সরোজ কান্তি দেব আলাদা প্রবন্ধ উপস্থাপন করেন।
সিজিডিএফে এর আগে অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগে যে ঘুষ লেনদেন হয়েছে তা এতই আলোচিত যে, সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তাদের প্রায় সবাই তা জানেন। কিন্তু সিএজি এ বিষয়ে কোনো পদক্ষেপই নেননি কেন—এমন প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন, আদালত বা থানায় কোনো মামলা হয়নি এ ব্যাপারে। কোনো কাল্পনিক অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাই কোনো পদক্ষেপ নিতে তিনি অপারগ বলে উল্লেখ করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এ বছরের জানুয়ারিতে প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে সিজিডিএফে নিয়োগ নিয়ে ঘুষ লেনদেনের কথা তুলে ধরা হয়েছে। টিআইবি বলেছিল, এ কার্যালয়ে নিয়োগ নিয়ে ঘুষ লেনদেন হলেও সিএজি কার্যালয় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
এদিকে সিএজি মাসুদ আহমেদের গতকালের বক্তব্যের বিষয়ে যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, যে যুক্তিতে সিএজি ঘুষের বিষয়টি অস্বীকার করলেন, তা অগ্রহণযোগ্য। কেউ অভিযোগ করেনি, তার মানে এই নয় যে ঘটনাটা ঘটেনি।
ইফতেখারুজ্জামান আরও বলেন, একটি সাংবিধানিক পদে থেকে সিএজির এমন মন্তব্য দুর্নীতিবাজদের শুধু প্রশ্রয়ই দেবে না, দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলতেও সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি অর্থের অপচয়, আত্মসাৎ, চুরি, বিধিবহির্ভূত পরিশোধ, সরকারি অর্থ আদায়ে ব্যর্থতা, আয়কর ও মূসক অনাদায়, আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া ইত্যাদি অনিয়মের কারণে অডিট আপত্তি হয়।
১৯৭৩ সালের ১১ মে সিএজি কার্যালয় গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২০৭টি অডিট প্রতিবেদন তৈরি হয়েছে। সর্বশেষ গত ১৯ এপ্রিল রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত ২৩টি প্রতিবেদনে আপত্তির বিপরীতে জড়িত টাকার পরিমাণ ছিল ৮ হাজার ৬২২ কোটি টাকা।
সিজিএ আবুল কাশেম জানান, পুরোপুরি অনলাইন কার্যক্রম চালুর মাধ্যমে সিজিএ কার্যালয়কে কাগজবিহীন (পেপারলেস) করাই তাঁদের এই সময়ের চ্যালেঞ্জ, যা নিতে তাঁরা প্রস্তুত।
ভাবমূর্তির সংকট থাকার কথা স্বীকার করে জনাব কাশেম বলেন, ‘অনেকেই প্রশ্ন তোলেন, অডিট কারা করছে? তারা ঠিক আছে তো?’ তিনি বলেন, সুশাসনের স্বার্থে দুর্নীতির অভিযোগে সিজিএ কার্যালয়ের ৬৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মামলা হয়েছে ১২০টি।
প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সরোজ কান্তি দেব জানান, ৬১ হাজার ৮৬০ একর রেলভূমির মধ্যে অব্যবহৃত আছে ১২ হাজার ৯৬০ একর। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে অব্যবহৃত এই জমির বাণিজ্যিক ব্যবহার করে রেলওয়ের আয় বাড়ানো সম্ভব।