নিরপেক্ষ নিলামের অনুরোধ জিএসএমএর
প্রকাশ্য আলোচনার মাধ্যমে তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম আয়োজন করার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। আজ বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।
নতুন নিলামের মাধ্যমে বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ মোবাইল ফোন অপারেটরদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়ে নিলাম অনুষ্ঠানের সিদ্ধান্ত অনুমোদন ও খসড়া নীতিমালা চূড়ান্ত করার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ওই প্রস্তাবে বলা হয়, যাদের আগের তরঙ্গ ফি বাবদ রাজস্ব বকেয়া আছে এবং যারা আগেই ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ বরাদ্দ নিয়েছে, তারা প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ মেগাহার্টজের নিলামে অংশ নিতে পারবে না। ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ মিলে অপারেটরদের মধ্যে শুধু গ্রামীণফোনের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে। সে হিসেবে গ্রামীণফোন টুজির প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না। এ বিষয়ে গ্রামীণফোন আগে আগেই উদ্বেগ জানিয়েছে।
বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ডেটা সেবা বিস্তারে সহযোগিতা করার জন্য অতিরিক্ত তরঙ্গ অবমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জিএসএমএর চিঠিতে তরঙ্গ বরাদ্দে স্বচ্ছতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান বজায় রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সংরক্ষণ করার পক্ষে মত দিয়েছে প্রতিষ্ঠানটি। জিএসএমএ বিশ্বজুড়ে জিএসএম মোবাইল প্রযুক্তির মান নির্ধারণ, স্থাপন এবং প্রচারণায় সহযোগিতা দিয়ে আসছে।
জিএসএমএর হেড অব পলিসি জন জিউস্টি খসড়া গাইডলাইনকে একটি যথাযথ ও প্রকাশ্য আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই প্রক্রিয়া অনুসরণ করা হলে আগ্রহী পক্ষগুলো গাইডলাইন ভালোভাবে বুঝতে এবং এ বিষয়ে তাদের মূল্যবান মতামত জানাতে পারবে। এর ফলে নিলামটি যখন অনুষ্ঠিত হবে তখন তা বাংলাদেশ সরকারের একটি সাফল্য হিসেবে বিবেচিত হবে।’
খসড়া গাইডলাইনের একটি শর্তে একচেটিয়া অবস্থা নিরুৎসাহিত করার কথা বলে ১ হাজার ৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে গ্রামীণফোনের অংশগ্রহণের বিরোধিতার কারণে গ্রামীণফোন নিলাম প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিলাম আয়োজনের আগে বিগত থ্রিজি নিলামের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দাবি করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন, ‘আমরা সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নিলামের দাবি জানিয়ে আসছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্তৃপক্ষের এ পথটিই অনুসরণ করা উচিত যার ফলে এই শিল্প এবং দেশ উভয়ই উপকৃত হবে।’
খসড়া গাইডলাইনে বৈষম্যমূলক শর্তের কথা উল্লেখ করে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনর গ্রুপ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট হাকন ব্রুয়াসেট জল বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল সম্ভাবনার দ্বার খুলতে অপারেটরদের জন্য সময়মতো স্পেকট্রাম উন্মুক্ত করতে হবে, যা বৈষম্যহীনভাবে তরঙ্গের দক্ষ ব্যবহার নিশ্চিত করবে। এটি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারে আগ্রহী গ্রাহকদের অধিকার। তবে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে আইনকানুন ও করনীতির ক্ষেত্রে অনুমানযোগ্য পরিবেশের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে। যখন সে রকম পরিবেশ প্রতিষ্ঠিত হবে, তখনই স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হওয়া উচিত।’
জিএএমএর চিঠিটি টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও অর্থমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে।