বয়লার পরিদর্শন অ্যাকর্ডের কার্যতালিকায় নিতে চাপ

গাজীপুরের মালটিফ্যাবসের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের (অ্যাকর্ড) পরিদর্শনের আওতা বাড়াতে চাপ দিয়েছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা কয়েকটি আন্তর্জাতিক জোট। তারা অ্যাকর্ডকে পোশাক কারখানার বয়লার পরিদর্শন করতে বলছে।
ইন্ডাস্ট্রিঅল, ক্লিন ক্লথ ক্যাম্পেইন, ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম, ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম, ম্যাকুলা সলিডারিটি নেটওয়ার্ক গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা নিশ্চিতে অ্যাকর্ডের উচিত বয়লার পরিদর্শনকে তাদের আওতায় নিয়ে নেওয়া। এসব আন্তর্জাতিক শ্রমিক জোট আবার অ্যাকর্ডের অংশীদার।
বয়লার পরিদর্শন নিজেদের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য বা সিদ্ধান্ত নেয়নি অ্যাকর্ড। তবে মালটিফ্যাবসের কারখানাটির অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত পরিদর্শন করেছিল ইউরোপীয় ক্রেতাদের জোট।
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মালটিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানার বয়লারে গত সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটিতে কর্মরত ১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী।
ইন্ডাস্ট্রিঅল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এখনো অনেক কিছু করতে হবে। মালটিফ্যাবসে বয়লার দুর্ঘটনায় সে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। তাই অ্যাকর্ডকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব বয়লার পরিদর্শনকে তাদের আওতাভুক্ত করতে হবে।
২০১৪ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর সাসটেইনেবল কমপ্যাক্টের মাধ্যমে অ্যাকর্ড গঠিত হয়। প্রায় ২০০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান এবং বৈশ্বিক ট্রেড ইউনিয়ন অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে। চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ করে, এমন প্রায় ১ হাজার ৬০০ কারখানার কর্মপরিবেশ উন্নয়নের দায়িত্বে আছে অ্যাকর্ড। আগামী বছরের মে মাসে তাদের কার্যক্রম গোটানোর কথা ছিল।
অবশ্য গত সপ্তাহে অ্যাকর্ড জানায়, ২০২১ সালের মে মাস পর্যন্ত থাকবে তারা। এরপর তারা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে। এ জন্য অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি ২০১৯ সালের ডিসেম্বরে একটি সমীক্ষা করবে। এ সময় তারা দেখবে, সরকারের কোনো প্রতিষ্ঠান সক্ষমতা অর্জন করেছে কি না। তেমনটি হলে অ্যাকর্ড তার কার্যক্রম বুঝিয়ে দিয়ে চলে যাবে। অন্যথায় অ্যাকর্ডের সময়সীমা আরও এক বছর পর্যন্ত বাড়বে।