নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার তাগিদ দিল আইএলও
বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করতে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক মৃত্যুর ঘটনার পর আইএলও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তাগিদ দিয়েছে। আইএলওর এ দেশীয় কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কর্মপরিবেশ উন্নত করতে হবে। বিশেষ করে অগ্নি নিরাপত্তাব্যবস্থার জায়গাটিতে উন্নতির প্রয়োজন। আইএলও এ-সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত আছে। সরকার, শ্রমিক ও শ্রম সংগঠনকেও যৌথভাবে নিরাপত্তাব্যবস্থা উন্নতির জন্য কাজ করতে হবে। আইএলও শিগগিরই পোশাক খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বড় ব্র্যান্ড ও ক্রেতাদের নিয়ে সংলাপের আয়োজন করবে। এতে দীর্ঘমেয়াদি অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইএলও পোশাক খাতের শ্রমিক কমপ্লায়েন্স বিষয়ে বাংলাদেশে ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু করার চেষ্টা করবে। এতে পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা বিষয়ে কারখানাগুলোকে সহায়তা দেওয়া হবে।