নিরাপত্তা নিয়ে ভীত ব্যক্তি খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে (বঁা থেকে) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ l প্রথম আলো
সিপিডির বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে (বঁা থেকে) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ l প্রথম আলো

দেশের উন্নয়নে বেসরকারি বা ব্যক্তি খাতের ভূমিকাই প্রধান। কিন্তু বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি বর্তমানে মন্দা। তার ওপর নতুন করে যুক্ত হয়েছে জানমালের নিরাপত্তাহীনতা। বেসরকারি খাত বিনিয়োগ করবে কী, উল্টো ভীত এখন।
এমন পরিস্থিতিতে আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য উচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে বড় আকারের একটি বাজেট উপস্থাপিত হয়েছে জাতীয় সংসদে৷ আর সংসদ চলছে আবার অকার্যকর বিরোধী দল নিয়ে।
এসব কথা উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে বক্তারা প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়েছেন। তাঁরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ কমায়। আর এই অস্থিরতা দূর করতে সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকাটা জরুরি।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার পর্যালোচনা সংলাপটি অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে প্রধান অতিথি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ছিলেন সম্মানিত অতিথি। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন।
পরিকল্পনামন্ত্রী অবশ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে হতাশ নন মোটেই। ২০১২-১৩ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২১ দশমিক ৭৫ শতাংশ থেকে সামান্য কমে চলতি ২০১৩-১৪ অর্থবছরে ২১ দশমিক ৩৯ শতাংশ হবে বলে তথ্য দেন তিনি।
আকবর আলি খান মনে করেন, বেসরকারি খাতকে উৎসাহিত করতে না পারলে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ তো নিতেই হবে, রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের চেষ্টাও করতে হবে সরকারকেই। তিনি বলেন, সংসদে বাজেটের গাদা গাদা বই উপস্থাপন করা হয়েছে। কিন্তু বিরোধী দল অকার্যকর। কোনো আলোচনা নেই এ নিয়ে।
জনগণের জানমাল নিরাপদ নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ কম, তাই কর্মসংস্থানও কম।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ব্যক্তি নিরাপত্তা আজ বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগের জন্য এটা বড় বাধা।
বেসরকারি বিনিয়োগ কম থাকলে বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে না বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী।
উচ্চাভিলাষী-লক্ষ্যবিলাসী: ৭ দশমিক ৩ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ও আড়াই লাখ কোটি টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে।
নানা সমালোচনা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির খোরাক হচ্ছে বাজেট। অর্থনীতি যা খেতে পারবে, বাজেটে তাই দিতে হবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, লক্ষ্যবিলাসীও নয়। তাচ্ছিল্য করে তিনি বলেন, এ বাজেট বরং ভ্রান্তিবিলাসী। কয়েক দিন আগে সংসদেও তিনি এই কথা বলেছিলেন। পরীক্ষক হলে এ বাজেটকে ১০০ থেকে ৮০ নম্বর দিতেন বলে জানান এম এ মান্নান।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, উচ্চাভিলাষী বাজেট ঠিকই আছে। অভিলাষ না থাকলে উচ্চাভিলাষ আসবে কোত্থেকে?
উচ্চাভিলাষী বাজেটকে অনেকে দেশপ্রেমের সঙ্গে মিলিয়ে দেখছেন বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বাজেটকে উচ্চাভিলাষী বলেছেন, আমরা বলেছি লক্ষ্যবিলাসী। এখন মনে হচ্ছে যে যত বড় অভিলাষী, সে তত বড় দেশপ্রেমিক।’
দেবপ্রিয় বলেন, পরিকল্পনা ও বাজেট দুই জিনিস। পরিকল্পনায় উচ্চাভিলাষ থাকতে পারে, বাজেটে নয়। বাজেটের আইনি ভিত্তি আছে, পরিকল্পনায় তা নেই। অথচ পরিকল্পনার বিষয়কে বাজেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
রাজস্ব পরিস্থিতি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এনবিআরের সবাই খারাপ নয়। এই এনবিআরই প্রতিবছর আদায় বাড়াচ্ছে। এবারের আদায় লক্ষ্যমাত্রা দেড় লাখ কোটি টাকা। এটা দুই লাখ কোটি টাকাও হতে পারে।
একটি উদাহরণ দিয়ে মুস্তফা কামাল বলেন, ‘সাত ডলারের একটি আমদানি পণ্য শুল্কায়ন হয় ২৮ সেন্টে। প্রস্তাব দিয়েছিলাম, এ ধরনের ক্ষেত্রে ২৫০ শতাংশ জরিমানা করার। ফলে কেউ দুর্নীতির সাহস পেত না। কিন্তু কাজটি হয়নি।’
সম্পদের ওপর কর আরোপের জন্য অাইন প্রণয়ন এখন সময়ের দাবি বলেও মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, গুলশানে ২৫ কোটি টাকা কাঠা জমি বিক্রি হয়। নিবন্ধন হয় ২৫ লাখ কাঠায়। কালোটাকা সৃষ্টি হবে না কেন?
আকবর আলি খান বলেন, এনবিআরকে প্রতিবছর বলা হয় লক্ষ্যমাত্রা এত শতাংশ বাড়িয়ে দাও। তারাও বাড়িয়ে দেয়। কিন্তু এর কোনো ব্যাখ্যা থাকে না। এটি একটি সমস্যা।
মীর নাসির হোসেন বলেন, দরকার ছিল করের আওতা বৃদ্ধি। তা না করে যাঁরা কর দিচ্ছেন, তাঁদের ওপরই আরও কর চাপানো হচ্ছে। কর প্রশাসনের দক্ষতা ও সক্ষমতার অভাবের কারণেই এমনটি ঘটছে।
আলোচনা: বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক হাজারের বেশি প্রকল্প থাকে। এগুলোতে অর্থ ভালোমতো খরচ হচ্ছে কি না, যাচাইয়ের জন্য পারফরম্যান্স বাজেট নামে মূল্যায়নের পদ্ধতি চালুর পরামর্শ দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান।
আর্থিক খাত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংস্কারের পরামর্শ দেন সালেহউদ্দিন আহমেদ। লোকসান দেওয়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে কেন মূলধন দেওয়া হচ্ছে—প্রশ্ন তোলেন তিনি। একই প্রশ্ন তোলেন আকবর আলি খানও। বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো লোকসান দিচ্ছে। আর ঘাটতি পুষিয়ে দিচ্ছে সরকার।
অর্থনীতিবিদ মাহবুব হোসেন বলেন, অগ্রাধিকার দেওয়ার কথা বলেও কৃষি খাতে প্রতিবছর বরাদ্দ কমানো হচ্ছে। কৃষি গবেষণা ও কৃষি প্রযুক্তিতেও তেমন কোনো বরাদ্দ নেই বলে উল্লেখ করেন তিনি।
৪০টি মন্ত্রণালয় ও বিভাগে জেন্ডার বাজেট করলেও এগুলো তদারকের দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।