নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিদেশি নাগরিক হত্যার পরও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বরং সংগঠনটির শীর্ষ নেতারা মনে করছেন, দুই বিদেশি নাগরিক হত্যা নিয়ে দেশে-বিদেশে অতিমাত্রায় প্রতিক্রিয়া (ওভার রিঅ্যাকশন) হয়েছে।
সংগঠনটির নতুন সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, ‘উন্নত দেশেও প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। এ দেশে বিদেশি নাগরিকেরা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে।’ তাঁর মতে, বাংলাদেশে সন্ত্রাসবাদ এখনো মাথাচাড়া দিয়ে ওঠেনি। বর্তমান সরকার খুব ভালোভাবেই সেটি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে আছে।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে গতকাল শনিবার দুপুরে পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল নতুন কমিটির প্রথম সংবাদ সম্মেলন। এ সময় নতুন কমিটির পাঁচজন সহসভাপতি ও ১৬ জন পরিচালক ছাড়াও সাবেক তিন সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, আব্দুস সালাম মুর্শেদী ও সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আগামী দুই বছর যেসব কাজ করবেন, তার একটি পরিকল্পনা তুলে ধরেন।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক কেনে সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। প্রতিষ্ঠানটি সম্প্রতি সফর বাতিল করেছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে নতুন সভাপতির কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এইচঅ্যান্ডএম সফর বাতিল করেনি। গত বুধ ও বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির গ্লোবাল প্রডাকশনের ব্যবস্থাপনা পরিচালক একটি দল নিয়ে বাংলাদেশ সফর করেছেন।
লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি বলেন, ‘বিশ্ববাজারে টিকে থাকতে আমরা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করছি। ক্রেতারা পোশাকের মূল্য না বাড়ালেও অ্যাকর্ড, অ্যালায়েন্স ও জাতীয় কর্মপরিকল্পনার সুপারিশ অনুযায়ী কারখানা সংস্কার করতে হচ্ছে। অন্যদিকে দুর্বল অবকাঠামো, গ্যাস-বিদ্যুৎ ও দক্ষ শ্রমিকের সংকট মোকাবিলা করে রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি রয়েছে ব্যাংকের অতিরিক্ত সুদ, ডলারের বিনিময়মূল্য হ্রাস ও আন্তর্জাতিক নানা চাপ।’
সিদ্দিকুর রহমান জানান, দায়িত্ব নেওয়ার পরপরই কিছু কর্মপরিকল্পনাও ঠিক করা হয়েছে। ব্যাংকঋণের সুদের হার কমানো, রপ্তানিকারকদের জন্য ডলারের পৃথক বিনিময় হার নির্ধারণ, ট্রেড লাইসেন্স ফি কমানো, ক্ষুদ্র ও মাঝারি কারখানা সংস্কারের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে।
যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের টিপিপি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ) চুক্তির কারণে বাংলাদেশের পোশাকশিল্প বিপদে পড়বে বলে মন্তব্য করেন সিদ্দিকুর রহমান। কারণ হিসেবে তিনি বলেন, চুক্তির ফলে ভিয়েতনাম বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে পারবে। তাই পরিবর্তিত পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কর্মকৌশল নির্ধারণসহ এ চুক্তিতে কীভাবে বাংলাদেশ সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে সরকারকে অনুরোধ জানানো হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মঈনউদ্দিন আহমেদ, এস এম মান্নান, মাহমুদ হাসান খান, মোহাম্মদ নাছির, মো. ফেরদৌস প্রমুখ।