নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পুঁজিবাজার-সম্পর্কিত বিভিন্ন আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিনিয়োগ করা অর্থের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়ে বিনিয়োগে উত্সাহিত হবেন। আজ বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন সাংবাদিকদের এ কথা বলেন।গিবসন বলেন, গত ১০ মাসে ডিএসই অনেক এগিয়েছে। বিশেষ করে প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগকারীদের সতর্কতামূলক কর্মকাণ্ডে। ডিএসইর সঙ্গে লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, লন্ডন স্টক এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম একটি বড় পুঁজিবাজার। লন্ডন স্টক এক্সচেঞ্জের সঙ্গে মোট ৭০টি দেশের পুঁজিবাজারের সংযোগ রয়েছে। সেখানে তিন হাজারের বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ব্রিটিশ হাইকমিশনারকে ডিএসইর সংস্কার তথা ডিমিউচ্যুয়ালাইজেশন, সূচক, সার্ভিল্যান্স ইত্যাদি বিষয়ে অবহিত করেছি। তিনি ডিএসইর আইটি, ট্রেনিং একাডেমি, একটি ব্রোকার হাউস ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।’লন্ডন স্টক এক্সচেঞ্জের সঙ্গে স্ট্র্যাটেজিক বা কৌশলগত অংশীদার হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন রকিবুর রহমান। লন্ডনে অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।