
সদ্যবিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। দেশীয় ও আন্তর্জাতিক বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই উৎসাহব্যঞ্জক আমাদের জন্য। যদিও নানা কারণে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ধরা হয়েছিল। তারপরও বলব, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই রপ্তানি আয়ে এই সাফল্য এসেছে। গত দেড় বছরের রাজনৈতিক স্থিতিশীলতা, তীব্র প্রতিযোগিতা করে উদ্যোক্তাদের ক্রয়াদেশ আনা ও কর্মজীবী মানুষের নিরলস পরিশ্রম এবং সরকারের নীতিসহায়তা ও প্রণোদনার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।
পোশাক খাতে দুই অঙ্কের প্রবৃদ্ধি হওয়ায় অন্য অনেক খাতে কম কিংবা ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ার পরও সার্বিকভাবে কোনো সমস্যা হয়নি। তবে ভবিষ্যতে রপ্তানি আয়কে আরও এগিয়ে নিতে হলে চামড়া, ওষুধ, সিরামিকসহ অন্য সম্ভাবনাময় খাতে সরকারকে দীর্ঘমেয়াদি কিছু নীতিসহায়তা ও প্রণোদনা এবং প্রয়োজনে কর অবকাশ সুবিধা দিতে হবে। তাহলেই ওই খাতগুলোও পোশাকের মতো ভালো রপ্তানি আয় করতে পারবে। কারণ, আমরা শুধু পোশাকশিল্পের ওপর নির্ভরশীল হতে চাচ্ছি না।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় একটু হলেও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশিরা ভীতসন্ত্রস্ত হয়েছেন। ক্রেতারা বাংলাদেশে না এসে তৃতীয় কোনো দেশে গিয়ে বৈঠক করতে চাচ্ছেন। এমনটি হলে ব্যবসার জটিলতা বাড়বে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
আব্দুস সালাম মুর্শেদী
সভাপতি, বাংলাদেশ রপ্তানিকারক সমিতি