নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ থেকে পোশাক কিনবে না প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার নিরাপত্তা নিশ্চিত না করতে না পারলে বাংলাদেশ থেকে আর তৈরি পোশাক কিনবে না বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক। তবে নিরাপত্তা নিশ্চিত ও কারখানার কর্মপরিবেশ ভালো করতে বাংলাদেশকে পাঁচ বছর সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ পোশাকশ্রমিক নিহত হন। গত ২৪ এপ্রিল ভয়াবহ এই ঘটনার প্রায় দুই মাস পর এভাবেই বাংলাদেশকে সতর্ক করে দিল প্রাইমার্ক।

দ্য গার্ডিয়ান পত্রিকায় গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতিমধ্যে প্রাইমার্ক অন্য আরও ৫০টি ব্র্যান্ডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। ব্র্যান্ডগুলো চুক্তি অনুযায়ী পাঁচ বছর একটি স্বাধীন দল দিয়ে কারখানা পরিদর্শন ও অগ্নিনিরাপত্তা নিয়ে কাজ করবে। এ জন্য প্রতিবছর পাঁচ লাখ মার্কিন ডলার ব্যয় করবে তারা। বিদেশি ক্রেতাদের এই উদ্যোগ বাংলাদেশ সরকারের নিরাপত্তা বৃদ্ধি কর্মসূচির পাশাপাশি চলবে।

প্রাইমার্কের পরিচালক ক্যাথরিন ক্রিক বলেছেন, ‘চুক্তি অনুযায়ী আমরা সবাই আগামী পাঁচ বছর বাংলাদেশের ব্যবসা করতে প্রতিজ্ঞাবদ্ধ। তারপর আমরা কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশের অবস্থান পুনঃমূল্যায়ন করে দেখব। আমরা কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কারখানা চাই না।’

রানা প্লাজার পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০টি ব্র্যান্ড কাজ করাত। তার মধ্যে প্রাইমার্ক অন্যতম। ভবনধসের পর বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাতটি আলোচনায় উঠে আসে। একই সঙ্গে পোশাকশ্রমিকেরা যে এই বিপুল অর্থের নগণ্য পরিমাণ (মাসে ২৫ ডলার) বেতন পান, সেটিও আলোচনায় উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা ভবনটি নরম জমিতে ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়। ছয়তলা অনুমোদন নিয়ে বাড়তি আরও দুটি তলা করা হয়।

ক্যাথরিন ক্রিক বলেন, প্রাইমার্ক শ্রমিকদের কর্মপরিবেশের সুরক্ষা দিয়ে পোশাক উৎপাদনে চেষ্টা করেছে। তবে এ জন্য ভবনের কাঠামো নিয়ে তারা কোনো জরিপ করেনি। তিনি জানান, প্রাইমার্ক আটজন স্থায়ী কর্মকর্তা রেখেছে। তাঁরা বাংলাদেশের পোশাক কারখানার অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ করবেন।

বাংলাদেশে তিন হাজারের বেশি কারখানা আছে। তার বিপরীতে  পরিদর্শক আছেন মাত্র ৫১ জন। তাই ১০০-এর বেশি কারখানা পরিদর্শক নিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন প্রাইমার্কের ক্যাথরিন ক্রিক।