>

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন, ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও জাপান–বাংলাদেশ চেম্বারের সহসভাপতি আসিফ এ চৌধুরী।
সাক্ষাৎকারগুলো নিয়েছেন শুভংকর কর্মকার ও রাজীব আহমেদ
প্রথম আলো: জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করেন?
গোলাম মোস্তফা: যেকোনো বিনিয়োগকারী সবার আগে নিরাপত্তা চান। নিরাপত্তা না থাকলে কেউ বিনিয়োগে আগ্রহী হবেন না। সে ক্ষেত্রে গুলশান ও শোলাকিয়ার ঘটনার একটা প্রভাব পড়তে পারে বলে আমার মনে হয়।
প্রথম আলো: এ ঘটনার পর বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশবিমুখ হয়ে পড়বেন বলে মনে করেন কি?
গোলাম মোস্তফা: বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য সব সময় নিরাপদ গন্তব্য চান। নিরাপত্তা নিশ্চিত না হলে বিদেশিরা বিনিয়োগে আসতে আগ্রহী হবেন না। তৈরি পোশাকের ব্যবসা বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে। বিনিয়োগকারীরা সেখানে নিরাপত্তা পায়ননি বলেই বাংলাদেশমুখী হয়েছিলেন। বাংলাদেশে বিনিয়োগ করলে নিরাপত্তা-সংকটে পড়তে হবে, কোনো বিদেশি বিনিয়োগকারীর মধ্যে এ ধারণা জন্মালে তারা অন্য নিরাপদ গন্তব্য খুঁজবেন।
প্রথম আলো: গুলশানের ঘটনার পর নিশ্চয় ইতালির ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে। তঁাদের মনোভাব কী?
গোলাম মোস্তফা: ইতালির ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যে ধারণা পেয়েছি তাতে মনে হয়েছে, তঁারা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ
করছেন। এ ধরনের ঘটনা তো সারা বিশ্বেই ঘটছে, শুধু আমাদের দেশে নয়। তারা এখন দেখবেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা আশাবাদী, সংকট কাটিয়ে উঠতে পারব। তবে সন্ত্রাসে কৌশলগত পরিবর্তন এসেছে, তাই আমাদের সরকারকেও নতুনভাবে নিরাপত্তা কৌশল ঠিক করতে হবে।
প্রথম আলো: ইতালির অর্থনীতি অনেক দিন ধরেই মন্দাক্রান্ত। তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিস্থিতি কী?
গোলাম মোস্তফা: ইতালিতে বাংলাদেশ পোশাক, চামড়াসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে। ওই দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে। অর্থাৎ, ইতালিতে বাংলাদেশ রপ্তানি বেশি করে, আমদানির পরিমাণ কম। এ ছাড়া ওই দেশে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। তঁারা সেখান থেকে বাংলাদেশে অর্থ পাঠান। বাংলাদেশের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে অনেক ইতালীয় জড়িত। সব মিলিয়ে ইতালি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার।
প্রথম আলো: জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা কি বিপাকে পড়বেন? ইতালির ভিসা পেতে অসুবিধা হবে বলে মনে করেন কি?
গোলাম মোস্তফা: এখন তো ইউরোপের সব দেশেই নিয়মকানুন কড়া। এমনিতেই বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। সেটা শুধু ইতালিতে নয়, অন্যান্য দেশেও। এর একটা কারণ, বাংলাদেশিদের অনেকে ইউরোপে গেলে আর ফেরত আসতে চান না।