>

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন, ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও জাপান–বাংলাদেশ চেম্বারের সহসভাপতি আসিফ এ চৌধুরী।
সাক্ষাৎকারগুলো নিয়েছেন শুভংকর কর্মকার ও রাজীব আহমেদ
প্রথম আলো: সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় পোশাক খাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে কি?
কাজী ইফতেখার হোসেন: আগস্টের পর বিদেশি ক্রেতাদের কাছ থেকে ২০১৭ সালের স্প্রিং ও সামার মৌসুমের পোশাকের ক্রয়াদেশ আসবে। জঙ্গি হামলার কারণে সেই ক্রয়াদেশের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হতে পারে, যদি না পরিস্থিতির উন্নতি হয়। জঙ্গিবাদ ইস্যুটাকে যেভাবে মোকাবিলা করা উচিত, সত্যিকার অর্থে আমরা সেভাবে করতে পারছি না। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এককভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিদেশি ক্রেতারা যখন একটি দেশে যান, তখন তাঁদের কাছে নিরাপত্তার বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা মানে এই নয় যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। বিদেশিরা আসলে চান নিরবচ্ছিন্নভাবে চলাফেরার ব্যবস্থা এবং কাজের স্বচ্ছন্দ পরিবেশ। সরকারকেই সেই পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিদেশিরা মনে করেন বাংলাদেশ নিরাপদ।
প্রথম আলো: রানা প্লাজা ধস, হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার সময় পোশাক ব্যবসায়ীরা বলেছিলেন, ব্যবসা চলে যাবে। তবে শেষ পর্যন্ত বড় কিছু হয়নি। এবারও কি ব্যবসায়ীদের ভীতিটা আগের মতোই?
কাজী ইফতেখার হোসেন: রানা প্লাজার ঘটনার পর আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষতি পোষাতে গিয়ে অনেক খেসারত দিতে হয়েছে। ওই ঘটনায় অনেক রক্তক্ষরণ হয়েছে এবং তাজা প্রাণ ঝরে গেছে। অর্থনৈতিকভাবে অনেক সাহায্য লেগেছে। তবে এবারের ঘটনা অনেকটাই ভিন্ন। একসঙ্গে এত বিদেশি বাংলাদেশে আগে কখনো মারা যাননি। তা ছাড়া এখন পর্যন্ত সবকিছুই আমাদের কাছে ধূসর। সত্যিকার অর্থে গুলশানে জঙ্গি হামলার ঘটনাপ্রবাহগুলো এখনো আমাদের কাছে পরিষ্কার নয়।
প্রথম আলো: হরতাল-অবরোধের সময় ক্রেতারা দেশে না এসে বৈঠকের জন্য তৃতীয় দেশ বেছে নিয়েছেন। গুলশানের ঘটনার পর এ ধরনের কোনো ঘটনা কি ঘটেছে?
কাজী ইফতেখার হোসেন: এ বিষয়টি এখনো আমরা উপলব্ধি করছি না। কারণ, আগস্টের পর থেকে পরবর্তী মৌসুমের ক্রয়াদেশ আসবে। তার মধ্যেই যদি বর্তমান অবস্থার উন্নতি হয়, তাহলে হয়তো এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে না। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে আমাদের হয়তো সেই অবস্থার মুখোমুখি হতে হবে। জঙ্গি হামলার ঘটনায় জি-৭ ভুক্ত দুটি দেশের নাগরিক নিহত হয়েছেন। সামনে জি-৭ সম্মেলন। সেখানে এসব বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে।
প্রথম আলো: বাংলাদেশে যেসব বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি আছেন, তাঁরা এ ঘটনার পর কী বলছেন?
কাজী ইফতেখার হোসেন: আমার পরিচিত দুটি তার্কিশ (তুরস্ক) কোম্পানি আছে। তারা জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি সরকার সত্যিকার অর্থেই ভালো পদক্ষেপ নেয়, তাহলে এখান থেকে ব্যবসা গোটানোর কোনো পরিকল্পনা তাদের নেই। বাংলাদেশে দুই শর বেশি বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের লিয়াজোঁ কার্যালয় আছে। সেই বিদেশি ক্রেতা প্রতিনিধিরা নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাঁদের চলাচলও সীমিত হয়ে গেছে।
প্রথম আলো: নিরাপত্তার কারণে ক্রেতারা যদি পোশাক কারখানায় না যান এবং পোশাকের মান পরিদর্শন করতে না পারেন, তাহলে কী সমস্যা হবে?
কাজী ইফতেখার হোসেন: আমি আগেই বলেছি, ক্রেতাদের যদি নিরবচ্ছিন্নভাবে চলাফেরা করার সুযোগ করে না দেওয়া যায়, তবে সেটি ব্যবসার জন্য ক্ষতি হবে। সে জন্য এমন একটি নিরাপত্তাব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ভয়ভীতির আতঙ্ক থাকবে না।