নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিদেশি নাগরিক হত্যার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনের নতুন সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যার পর দেশে-বিদেশে অতিমাত্রায় প্রতিক্রিয়া (ওভার রিঅ্যাকশন) হয়েছে। উন্নত দেশে প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটছে। তবে বাংলাদেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠেনি। বর্তমান সরকার খুব ভালোভাবেই সেটি মোকাবিলা করছে।’ তিনি বলেন, ‘বিদেশি নাগরিকেরা বাংলাদেশে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে। আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে আছে।’

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে আজ শনিবার দুপুরে পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান। এতে নতুন কমিটির কয়েকজন সহসভাপতি ও পরিচালক ছাড়া সাবেক তিন সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, আবদুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আগামী দুই বছর যেসব কাজ করা হবে, তার একটি পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিজিএমইএর নতুন কমিটি ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, রপ্তানিকারকদের জন্য ডলারের পৃথক বিনিময় হার নির্ধারণ, ট্রেড লাইসেন্স ফি কমানো, ক্ষুদ্র ও মাঝারি কারখানা সংস্কারের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে কাজ করবে। এ ছাড়া পোশাক খাতের ব্র্যান্ডিং এবং স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতেও কাজ করবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

সংবাদ সম্মেলনে সহসভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মঈনউদ্দিন আহমেদ, এস এম মান্নান, মাহমুদ হাসান খান, মোহাম্মদ নাছির প্রমুখ।