নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের এক লাখ বেলার খাবার দেবে রিহ্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন প্রকল্পের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জন্য এক লাখ বেলার খাদ্যসহায়তা দেবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
রিহ্যাব আজ সোমবার এই খাদ্যসহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আলমগীর শামসুল আলামিন বলেন, করোনাভাইরাসের কারণে আবাসন প্রতিষ্ঠানগুলোর নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। তাঁদের কথা চিন্তা করে রিহ্যাবের পক্ষ থেকে এক লাখ বেলার খাদ্যসহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
খাদ্যসহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, কামাল মাহমুদ, মোহাম্মদ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।