নিরাপত্তাব্যবস্থায় জাপান আস্থাশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান সফর শেষে দেশে ফিরে গতকাল এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
জাপান সফর শেষে দেশে ফিরে গতকাল এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ফিরেছে জাপানের। জাপানিরা বাংলাদেশে আসবেন, থাকবেন এবং কাজ করবেন। সরকারের পক্ষ থেকে তাঁদের প্রয়োজনীয় সব নিরাপত্তা দেওয়া হবে।
৮-৯ ডিসেম্বর জাপান সফর শেষে দেশে ফিরে গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামালউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
সফরকালে জাপানের অর্থমন্ত্রী তারো আসু, পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা এবং জাপান-বাংলাদেশ চেম্বারের সঙ্গে বৈঠক করেন আবদুল মুহিত। বৈঠকগুলোর ফল জানাতেই গতকাল ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের জুলাইয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারির জঘন্য ঘটনার পর বাংলাদেশ ভ্রমণে জাপানি নাগরিকদের সতর্কতামূলক পরামর্শ দিয়েছিল জাপান। তাতে বিশেষ প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ করতে ‘না’ করা হয়েছিল। জাপানের সঙ্গে এ নিয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর—এসব তৃতীয় দেশে একাধিক বৈঠক হয়েছে। এবারের বৈঠক হয়েছে জাপানে। তাঁরা বলেছেন, সতর্কতামূলক পরামর্শ বা নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, জাইকার প্রেসিডেন্ট তাঁকে বলেছেন, আলোচনার তেমন কিছুই নেই এবং বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ারও কিছু নেই।
জাপানের অর্থমন্ত্রী তারো আসু একই কথা বলেছেন উল্লেখ করে মুহিত বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক এবং আমাদের প্রায় সবাইকেই চেনেন তিনি। নিরাপত্তা বিষয়ে তারো আসু নিজেই প্যারিসের (প্যারিসের বোমা হামলা) উদাহরণ দিলেন। ফিরে এসে প্রধানমন্ত্রীকে আমি এসব কথা জানিয়েছি।’
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হন। এর আগে গত বছরের অক্টোবরে রংপুরে খুন হন কুনিও হোশি নামের আরেক জাপানি। এরপর বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে জাপান।
হলি আর্টিজানের ঘটনার পর জাপানিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেসব ব্যবস্থা নেয়, জাপান তাতে সন্তুষ্ট বলে জানান মুহিত। তিনি বলেন, তাঁদের আস্থা ফিরেছে এবং ভয়ভীতি কেটে গেছে।
জাপানিরা কবে আসবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাঁরা তো আছেনই।
ভারতের অর্থায়নে বাস্তবায়নের জন্য সম্প্রতি একটি নতুন প্রকল্প তালিকা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ভারত সফরে তা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখন বলতে পারব না।’
গঙ্গা ব্যারাজ নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন নিজে থেকে বলেন, ‘আগাম কী করে বলবেন?’
জাপানি অর্থায়নে চলমান ইনক্লুসিভ সিটি গভর্ন্যান্স প্রকল্পের প্রকল্প পরিচালক ইআরডিকে এক চিঠিতে জানান, এ প্রকল্পে ২২ জন জাপানি পরামর্শক কাজ করলেও হলি আর্টিজানের ঘটনার পর বেশির ভাগই আর আসছেন না।
এই পরামর্শকদের সর্বশেষ তথ্য জানতে চাইলে অর্থমন্ত্রী জবাব দেওয়ার দায়িত্ব দেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে। মেজবাহউদ্দিন বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থায় জাপান সন্তুষ্ট। কোনো প্রকল্পের কাজই বন্ধ নেই।’
ইআরডি সচিব জবাব এড়িয়ে গেলে আবারও ২২ জনের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো প্রকল্পের তথ্য তাঁর কাছে নেই।