নিরাপত্তার কারণে বায়ারস ফোরামের বৈঠক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা বাংলাদেশ সফর বাতিল করছেন। এবার দেশে অবস্থানরত বিভিন্ন ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন ‘বায়ারস ফোরাম’ পোশাকশিল্প মালিকদের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, আজ সোমবার সকাল ১০টায় গুলশানে এইচঅ্যান্ডএমের কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বায়ারস ফোরামের মাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল রোববার দুপুরে এইচঅ্যান্ডএম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রজার হুবার্ট নিরাপত্তার কারণ দেখিয়ে বৈঠক স্থগিত করার বিষয়টি বিজিএমইএকে জানায়। রজার বায়ারস ফোরামের বৈঠকটি আয়োজনের দায়িত্বে ছিলেন।

বিজিএমইএর সহসভাপতি মো. ফারুক হাসান ও মাহমুদ হাসান খান প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান।

ফারুক হাসান এ প্রতিবেদককে বলেন, ‘বায়ারস ফোরামের বৈঠকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। তবে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনার কারণে দু-একজন ক্রেতা প্রতিনিধিকে তাঁদের প্রধান কার্যালয় থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তাই তাঁরা বৈঠকে আসতে চান না। যদিও আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়টি তাঁদের নিশ্চিত করেছিলাম।’

সহসভাপতি ফারুক হাসান আরও বলেন, ‘ইতালীয় নাগরিক হত্যার পর আমরা কিন্তু সামলে উঠেছিলাম। তবে শনিবার জাপানের নাগরিক হত্যার পর বিষয়টি একটু জটিল হয়ে যায়। বায়ারস ফোরামের বৈঠকটি স্থগিত হওয়াটা একটা ধাক্কাই বলা চলে।’ তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই বৈঠক আয়োজন করা যায়। সম্ভব হলে এক-দুই সপ্তাহের মধ্যেই আমরা এটি করতে চাই বলে জানান বিজিএমইএর এই নেতা।