ব্যবসা করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যানজটকে প্রধান দুই সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা এখন কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়টি নাকচ করে বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১০ বছরের মধ্যে যেকোনো সময়ের চেয়ে ভালো।’ তবে নানামুখী চেষ্টার পরও সরকার যানজট সমস্যাটি নিরসন করতে পারেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা এখন অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি যানজট সমস্যা নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন ।মুক্ত আলোচনায় ডিসিসিআইয়ের পরিচালক নাসির উদ্দিন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারি সবগুলো বাহিনীর মধ্যে সমন্বয় করতে হবে। ব্যবসায়ী খায়ের এম খান যানজট কমাতে মতিঝিল এলাকায় রিকসা চলাচল বন্ধ রাখার দাবি জানান। মৌলভীবাজারের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, ‘মহাসড়কে আমাদের ট্রাক ছিনতাই হয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ সেগুলো উদ্ধার করতে পারে না।’প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে না। গত ১০ বছরের যেকোনো সময়ের চেয়ে এখনকার অবস্থা ভালো। কিন্তু আমরা এর চরম শিখরে পৌছাতে পারিনি।’ সাহারা খাতুন বলেন, আসন্ন কুরবানির ঈদে ঢাকা থেকে কোনো চামড়া যেন অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা শুধু নিজেদের ব্যবসাই করবেন। আপনাদেরকে সরকারকে পরামর্শও দিতে হবে। আপনারা হকার ওঠিয়ে দেওয়ার কথা বলছেন। কিন্তু ওঠিয়ে দেওয়ার পর তাদের কি হবে সে সমাধানও আপনাদের দিতে হবে।’