নিরাপত্তাহীনতায় এখনো মুখ ফিরিয়ে জাপানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

গত জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারির ঘটনার পর যেসব জাপানি পরামর্শক চলে গেছেন, নিরাপত্তাহীনতার কথা বলে তাঁরা আর বাংলাদেশে ফিরে আসছেন না। ওই ঘটনার পর সরকারের পক্ষ থেকে জাপানি সহায়তায় চলমান প্রকল্পে নিরাপত্তা বাড়ালেও তাতে ভরসা পাচ্ছেন না জাপানিরা। তাই এসব প্রকল্প এগোচ্ছে না।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সম্প্রতি অনুষ্ঠিত জাইকার সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর হালনাগাদ পর্যালোচনা বৈঠকে এসব কথা উঠে এসেছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল জাপানের উদ্দেশে গত রাতে ঢাকা ছেড়েছে। দলের অন্য সদস্যরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিঞা, ইআরডির অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামালউদ্দিন, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফায়জুল আমিন।
৮ ও ৯ ডিসেম্বর জাপানের অর্থমন্ত্রী তারো আসু, পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা ও জাপান-বাংলাদেশ চেম্বারের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে জাপানিদের অধিকতর নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হন। এরপর নিরাপত্তা নিয়ে সরকারের কাছে লিখিত উদ্বেগ জানিয়েছে জাপান। সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে ঢাকার জাপান দূতাবাস। সরকার আশ্বস্ত করলেও পুরোপুরি নির্ভয় হতে পারছে না জাপান।
দেশে জাপানি অর্থায়নে চলমান প্রকল্প রয়েছে ৩৫টি, যেগুলোতে বহু জাপানি কাজ করেন। এর মধ্যে জাইকার নমনীয় শর্তের (ওডিএ) ঋণ রয়েছে ১৮টি প্রকল্পে। ইআরডির কার্যপত্রই বলছে, অনাকাঙ্ক্ষিত হলি আর্টিজানের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি কমে গেছে।
ইআরডির নথিপত্রে দেখা যায়, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের একটা অংশের কাজ করছিল জাপানের এক প্রতিষ্ঠান। জাইকা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালককে এক চিঠিতে জানায়, নিরাপত্তাব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তারা আর বাংলাদেশে আসবে না।
এদিকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইআরডিকে জানান, চুক্তি সই এবং জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পটির কোনো পরামর্শক নেই। ইনক্লুসিভ সিটি গভর্ন্যান্স প্রকল্পের প্রকল্প পরিচালকও ইআরডিকে জানান, এ প্রকল্পে ২২ জন পরামর্শক কাজ করলেও হলি আর্টিজানের ঘটনার পর বেশির ভাগই অনুপস্থিত। প্রধান পরামর্শক ছুটিতে গিয়েছিলেন হলি আর্টিজানের ঘটনার আগের দিন। কিন্তু তিনি ফিরে আসছেন না।
এ ছাড়া ঢাকা মাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (মেট্রোরেল), তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩), ঢাকা-চট্টগ্রাম প্রধান বিদ্যুৎ গ্রিড উন্নয়ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু সংস্কার প্রকল্প, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পসহ (পর্যায়-২) জাপানি সহায়তার সব প্রকল্প অঞ্চলেই নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা ইআরডিকে জানানো হয়।
জানা গেছে, হলি আর্টিজানের ঘটনার পর প্রকল্পগুলোর সঙ্গে জড়িত বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তা বাড়িয়েছে সরকার। শুধু প্রকল্প এলাকা নয়, তাঁদের বাসস্থান এবং যাতায়াত এলাকায়ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
একটি উদাহরণ দিয়ে বিদ্যুৎ বিভাগের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাতারবাড়ী প্রকল্পে বিদেশিদের নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যে ২০ জন পুলিশ ও ২০ জন আনসার সদস্য রয়েছেন। আরও ২০ জন ব্যাটালিয়ন আনসার দেওয়ার প্রক্রিয়া চলছে।
অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন জাপান প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন এমন এক সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, ‘জাপানিসহ বাংলাদেশে কর্মরত সব বিদেশিরই নিরাপত্তা স্বার্থ দেখায় অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে অর্থ খরচে কোনো কার্পণ্য করছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তৎপর রয়েছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ বা অস্ত্রধারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে। এ কথাগুলো আমরা জাপানে গিয়ে জাপানকে বলে আসব।’