নিরীক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হচ্ছে
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের আওতাধীন বিদ্যমান তৃতীয় শ্রেণীর নিরীক্ষক পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হচ্ছে।
এ ছাড়া উন্নীত করা হচ্ছে জুনিয়র নিরীক্ষক, সাব-অর্ডিনেট অ্যাকাউন্টস (এসএএস) সুপার এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তাদের গ্রেড।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থসচিব ফজলে কবির এ বিষয়ক একটি সারসংক্ষেপ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে উপস্থাপন করলে গত ৩১ অক্টোবর অর্থমন্ত্রী এতে অনুমোদন দেন।
সূত্র জানায়, বাংলাদেশ অডিট পরিষদ ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ১৪ দফা দাবি জানায় অর্থমন্ত্রীর কাছে। এর মধ্যে অন্যতম দাবি তৃতীয় শ্রেণীর নিরীক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ। দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলে নিরীক্ষকেরা জাতীয় বেতন কাঠামোর বর্তমানের ৬৪০০-১৪২৫৫ টাকার (গ্রেড-১১) পরিবর্তে তাঁরা ৮০০০-১৬৫৪০ টাকা (গ্রেড-১০) হারে বেতন পাবেন।
পাশাপাশি জুনিয়র নিরীক্ষক, এসএএস সুপারিনটেনডেন্ট এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তাদের গ্রেড পরিবর্তন করা হচ্ছে।
যোগাযোগ করলে বাংলাদেশ অডিট পরিষদের মহাসচিব মো.শাহাবুদ্দীন বলেন, ‘নিরীক্ষা কাজ করতে গেলে পদমর্যাদার কারণে নিরীক্ষকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আশা করছি, এবার তা দূর হবে। পদ ও গ্রেড উন্নীত হলেও এতে সরকারের কোনো ব্যয় বাড়বে না বলে উল্লেখ করেন তিনি।
অর্থসচিব ফজলে কবির বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে কাজটি দ্রুততম সময়ে করার ব্যাপারে তিনি চেষ্টা করবেন।