নিরীক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যেন সম্পদের প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দেখিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হতে পারে, সে জন্য নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আরও বলেছেন, আর্থিক নিরীক্ষা প্রতিবেদন সঠিকভাবে দেওয়া হলে কোনো কোম্পানির পক্ষে অতিরিক্ত দামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই। গতকাল শনিবার ‘আইপিও ইস্যু ব্যবস্থাপনা, দাম নির্ধারণ ও বাইরের নিরীক্ষকদের ভূমিক’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সেমিনারের আয়োজন করে।রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আইসিএবির সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম। সেমিনারটি পরিচালনা করেন আইআইডিএফসির চেয়ারম্যান মো. মতিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদনে কারসাজি নয়, বরং সীমাহীন কারিসাজি করেছে। কোনো প্রতিষ্ঠান যাতে আর্থিক প্রতিবেদনে কারসাজি করতে না পারে এবং সঠিক দামে যাতে তালিকাভুক্ত হয়, এ ব্যাপারে আইসিএবির সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।স্বাগত বক্তব্যে পারভীন মাহমুদ বলেন, নিজেদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে নিরীক্ষকদের সঠিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন করতে হবে। তিনি পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ের ঘটনায় কেউ কারসাজি করে থাকলে তাঁদের খুঁজে বের করে শাস্তির সুপারিশ করেন।মূল প্রবন্ধ উপস্থাপনকালে মাহমুদ ওসমান ইমাম বলেন, নামকরা প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিবেদন প্রণয়নে গুণগত মানের ব্যাপারে আপস না করলেও অনেক প্রতিষ্ঠানই তা করে থাকে। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য নির্ধারণকালে ইস্যু ব্যবস্থাপক ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।মুক্ত আলোচনায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বলেন, সব নিরীক্ষক খারাপ প্রতিবেদন দেন না। অথচ গুটিকয়েক নিরীক্ষকের কারণে বেশির ভাগ মানুষের ধারণা হয়েছে যে নিরীক্ষকেরাই আর্থিক প্রতিবেদনে কারসাজির সুযোগ তৈরি করেন। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।