নিরীক্ষা প্রতিষ্ঠানের কারসাজি রোধে নজরদারির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মান যথাযথভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে। এ জন্য হিসাব নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো যেন কোনো কারসাজির আশ্রয় নিতে না পারে, নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সেদিকে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের সম্মেলনকক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এসব সুপারিশ করা হয়। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার এবং এসব জায়গায় আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষ লোকবল নিয়োগের ওপর জোর দেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট’ প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা এ বি আজিজুল ইসলাম। তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন আইএএস, এসইসির অধ্যাদেশ ও কোম্পানি আইন অনুযায়ী হতে হবে। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, আর্থিক প্রতিবেদন হিসাবরক্ষকেরা (অ্যাকাউন্ট্যান্ট) ন্যায্যমূল্য নির্ধারণ করবেন। আর নিরীক্ষকেরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেবেন। তাই প্রতিবেদনে ত্রুটি-বিচ্যুতির জন্য নিরীক্ষক এককভাবে দায়ী নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, নিরীক্ষকেরা যেভাবে প্রতিবেদন তৈরি করেন, তা সাধারণের জন্য বোঝা কঠিন। সাধারণত দেখা যায়, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে প্রতিবেদন নিরীক্ষক প্রতিষ্ঠানকে দেয়, তারা তা-ই অনুমোদন দেয়। এ ক্ষেত্রে নিরীক্ষিত প্রতিবেদনে যেকোনো সমস্যা চিহ্নিত করতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আর্থিক প্রতিবেদনে ভুলত্রুটির জন্য আবু আহমেদ এসইসিকে দায়ী করে বলেন, বাংলাদেশে যে নিরীক্ষা প্রতিষ্ঠান (অডিট ফার্ম) রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ অনিয়ম অথবা ভুল করছে। কিন্তু কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এ ক্ষেত্রে এসইসিকেও দায়ী করেন।ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান বলেন, অঙ্ক বা সংখ্যা কখনো ভুল হয় না। যাঁরা আর্থিক প্রতিবেদন তৈরি করেন, তাঁরাই এটি ভুল করে দেন। আর এসইসি তা-ই গ্রহণ করছে। বিনিয়োগকারীদের ফাঁকি দেওয়ার জন্য আর্থিক প্রতিবেদন অনেক জটিল করে উপস্থাপন করা হয়। আর এসব ফাঁকি ধরার দায়িত্ব এসইসির। তবে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের বিনিয়োগকারীরা তিন থেকে পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগ করে থাকেন। বাকিরা গুজব বা অন্যের কথা শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেন।’ তিনি আরও বলেন, বাজারে বেশির ভাগে ক্ষেত্রে জেড শ্রেণীর শেয়ারে কারসাজি হয়ে থাকে। এসব বন্ধ করতে হলে প্রথমে বিনিয়োগকারীদের শিক্ষিত করতে হবে।আলোচনায় আরও অংশ নেন এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাসেম, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম, অধ্যাপক স্বপন কুমার বালা, অধ্যাপক মোহাম্মদ মুসা, সিএসইর সভাপতি আল মারুফ খান, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের সিইও আকতার হোসেন সান্নামাত প্রমুখ।