নিরীক্ষা মাশুলের পরিসীমা নির্ধারণ চায় আইসিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনীতে নিরীক্ষা ফি বা মাশুলের পরিসীমা নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সনদধারী হিসাববিদদের সংগঠনটি বলেছে, নিরীক্ষিত কোম্পানি বা প্রতিষ্ঠানের সম্পদ মূল্য বা লেনদেনের ওপর ভিত্তি করে এই মাশুল নির্ধারণ করা যেতে পারে। একই সঙ্গে বর্তমান কোম্পানি আইনে বিভিন্ন অনিয়মের জন্য জরিমানার যে হার নির্ধারিত রয়েছে, সেটির পরিমাণ বাড়ানোর দাবি জানায় আইসিএবি। কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনীর ওপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সদস্য সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। আইসিএবির সাবেক সভাপতি হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনবিদ তানজীব-উল-আলম। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দেননি। আয়োজকেরা জানিয়েছেন, রাজনৈতিক অনুষ্ঠানের কারণে মন্ত্রী অনুষ্ঠানে আসতে পারেননি।আইসিএবির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি কোম্পানি আইনে সংযুক্ত করার জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে: ভারতের কোম্পানি আইনের মতো বাংলাদেশেও কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, নিয়মিতভাবে আর্থিক নিরীক্ষার জন্য কোম্পানির অভ্যন্তরে স্বতন্ত্র নিরীক্ষা বিভাগ চালু, পাবলিক কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনকানুন পরিপালন নিশ্চিত করতে কোম্পানি সচিবের ক্ষমতা বৃদ্ধি, কোম্পানি সচিব হিসেবে একজন দক্ষ পেশাজীবী (সিএ বা সিএমএ) নিয়োগ বাধ্যতামূলক করা, পুঞ্জীভূত লোকসান থাকলে যাতে কোম্পানিগুলো কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করতে না পারে সেই বিধান করা, কোম্পানির শাখা বা লিয়াজোঁ কার্যালয়কে বাধ্যতামূলকভাবে নিরীক্ষার আওতায় আনা, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ার পুনঃক্রয়ের বিধান রাখা ইত্যাদি।এ ছাড়া পাবলিক কোনো কোম্পানির পরিচালকের সংখ্যা ৭ থেকে ১৫ জনের মধ্যে থাকলে সে ক্ষেত্রে ওই কোম্পানিতে ন্যূনতম দুজন স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক রাখার বিশেষ বিধান করারও প্রস্তাব করে আইসিএবি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ও অনলাইনে কোম্পানির রিটার্ন দাখিলের বিধান রাখারও কথা বলেছে সংগঠনটি। মূল প্রবন্ধে তানজীব-উল-আলম কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনীর উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় তুলে ধরেন। পরে অনুষ্ঠানে উপস্থিত আইসিএবির সদস্যরা প্রস্তাবিত সংশোধনীর ওপর বিভিন্ন মতামত দেন।