নিরীক্ষিত হিসাব প্রদান না করায় ১২ কোম্পানিকে জরিমানা
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দিতে না পারায় ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানা দিতে হবে।প্রতিষ্ঠানগুলো হলো ১. বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২. বাংলাদেশ শিপিং করপোরেশন ৩. ডেল্টা স্পিনারস লিমিটেড, ৪. দেশ গার্মেন্টস লিমিটেড ৫. ইস্টার্ন কেব্ল লিমিটেড ৬. ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডারস লিমিটেড ৭. যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৮. কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৯. মেঘনা পেট্রলিয়াম লিমিটেড ১০. পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ১১. সোনালি আনাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ১২. ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।ডিএসই সূত্র জানায়, গত ৩০ জুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৩টি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ৫১টি প্রতিষ্ঠান তাদের প্রতিবেদন জমা দেয়। বাকি ১২টি প্রতিষ্ঠানকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ১৪ নভেম্বরও ওই প্রতিষ্ঠানগুলো প্রতিবেদন জমা দিতে না পারায় ১৫ নভেম্বর থেকে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক প্রতিবেদন জমা দিলে জরিমানা বন্ধ করা হবে।