নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ দিয়ে একীভূত হবে না রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০০ কোটি টাকা দিয়ে এয়ারটেলের সঙ্গে একীভূত না হওয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে আজিয়াটা গ্রুপ বারহাদ। বাংলাদেশের মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো মালয়েশিয়াভিত্তিক ওই প্রতিষ্ঠান।
বার্ষিক সাধারণ সভা শেষে গত বুধবার মালয়েশিয়ার গণমাধ্যমকে এ কথা জানান আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী জামালুদ্দিন ইব্রাহীম। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা কাজ করছি। তবে একটি নির্দিষ্ট অঙ্কের ওপর গেলে আমরা বিষয়টি নিয়ে আর এগোব না। আমরা কত দূর যেতে পারব, তার একটা সীমা আছে।’

>আজিয়াটার বার্ষিক সভা শেষে গণমাধ্যমকে গ্রুপ প্রধান নির্বাহী জামালুদ্দিন ইব্রাহীম

জামালুদ্দিন ইব্রাহীম আরও বলেন, ‘ইতিমধ্যে যে অর্থ আমাদের কাছে চাওয়া হয়েছে সেটি মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এত বেশি অর্থ দিতে হলে আমরা একীভূতকরণ প্রক্রিয়া বাতিল করে দেব।’
রবি-এয়ারটেলের তরঙ্গ একীভূতকরণসহ কয়েকটি কারণ দেখিয়ে ৭০০ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ আদায়ের প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে সম্প্রতি একটি চিঠি দিয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ। জামালুদ্দিন ইব্রাহীমের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সরকার যদি ৭০০ কোটি টাকার বেশি অর্থ আদায় করে, তাহলে প্রস্তাবিত এই একীভূতকরণ প্রক্রিয়া থেকে রবির সরে আসা ছাড়া কোনো উপায় থাকবে না।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার জন্য চলতি বছরের জানুয়ারিতে চুক্তি করে রবি-এয়ারটেলের মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। একীভূত কোম্পানিতে আজিয়াটার ৬৮ দশমিক ৩ শতাংশ, জাপানের এনটিটি ডোকোমার ৬ দশমিক ৭ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ মালিকানা থাকবে।
প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়ার ব্যবসায়িক উদ্দেশ্য সম্পর্কে জামালুদ্দিন ইব্রাহীম গণমাধ্যমকে বলেন, ‘একীভূত হওয়ার জন্য বাড়তি অর্থ যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। সব পক্ষেরই মুনাফার বিষয়টি এর সঙ্গে জড়িত।’ একীভূতকরণ প্রক্রিয়া সফল না হলে তা আজিয়াটার ব্যবসায়ে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের পুঁজিবাজারে রবির তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা এখন নেই বলেও গণমাধ্যমকে জানান আজিয়াটার গ্রুপ প্রধান নির্বাহী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই।