ব্যাংকার্স সভা: ব্যাংকে চাকরির সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী
নির্দিষ্ট গ্রুপ ও খাতে ঋণ কেন্দ্রীভূত না করার নির্দেশ
খেলাপি ঋণ কমিয়ে আনতে নির্দিষ্ট খাতে ঋণ কেন্দ্রীভূত না করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একই সঙ্গে নির্দিষ্ট বড় গ্রুপের কাছেও বেশি ঋণ গিয়ে যাতে ঝুঁকি তৈরি না হয়, সেদিকে লক্ষ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল রোববার বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলোচনায় এ নির্দেশনা দেন গভর্নর। প্রতি তিন মাস পরপর নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়া এ আলোচনা ‘ব্যাংকার্স সভা’ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় সব ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকে জনবল নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগকে প্রাধান্য না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে সব বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে চাকরির আবেদনের সুযোগ দিতে বলা হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সব দুর্যোগে ব্যাংকগুলোকে পাশে থাকার জন্য বলা হয়। শিক্ষার অভাববঞ্চিতদের ব্যাংকিং সেবা দিতে বায়োমেট্রিক পদ্ধতি চালুর জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেন ব্যাংকের এমডিরা। বাংলাদেশ ব্যাংক তা নীতিমালায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয়।
অনলাইন ব্যাংকিংয়ে ঝুঁকি রোধে ন্যাশনাল পেমেন্ট সুইচকে পিসিআইডিএসএস স্ট্যান্ডার্ড অনুসরণের বিষয়ে আলোচনা হয়।
সভায় সব ব্যাংককে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালুর তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক।
সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ভোক্তা ঋণ বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করা হয়। ব্যাংকগুলোকে জানানো হয়, ভোক্তা ঋণ যাতে পুরোটাই বিলাসবহুল খাতে ব্যয় না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকদের গাড়ি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনতে নিরুৎসাহিত করা হয়। এতে ভোক্তা ঋণ বেড়ে গিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
সভায় এমডিদের উদ্দেশে গভর্নর ফজলে কবির বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে হবে। এ জন্য নির্দিষ্ট খাতে ও বড় গ্রুপের কাছে ঋণ কেন্দ্রীভূত করা যাবে না। ঋণ কেন্দ্রীভূত হলে পুরো খাতে ঝুঁকি তৈরি হবে।
এমডিদের জানানো হয়, ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগদানের জন্য সব বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর পথ উন্মুক্ত রাখতে হবে। বিশেষ বিশ্ববিদ্যালয় বা বিভাগকে সুযোগ না দিয়ে সবাইকে প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। যাঁরা মেধায় উত্তীর্ণ হবেন, তাঁদেরই নিয়োগ দিতে হবে। তবে জ্যেষ্ঠ পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলো চাহিদামতো নিয়োগ দেবে। এ সময় ব্যাংকগুলো পরীক্ষার খরচ হিসেবে ২০০ টাকা আদায়ের প্রস্তাব দিলে বাংলাদেশ ব্যাংক তা নাকচ করে।
সভা শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, ‘আমরা একমত হয়েছি, মেধাবী সব শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে। এখন থেকে ব্যাংকগুলো সেভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে।’
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ঋণ যাতে নির্দিষ্ট খাতে কেন্দ্রীভূত না হয়, এ জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।