নির্দিষ্ট দরে নিজ কোম্পানির শেয়ার কিনতে চান উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মূলধনের কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা একটি নির্দিষ্ট দামে নিজ কোম্পানির শেয়ার কিনতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান।সালমান এফ রহমান বলেন, বাজারের অব্যাহত দরপতন ঠেকাতে উদ্যোক্তারা নিজ কোম্পানির শেয়ারের দর ধরে রাখতে সমর্থন দিতে চান। তবে এ জন্য তাঁরা একটি নির্দিষ্ট দামে শেয়ার কেনার ব্যাপারে আগ্রহী, যাতে ওই দামের নিচে শেয়ারের মূল্য নেমে না যায়। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) এসইসির সংশ্লিষ্ট আইনের ধারা শিথিল করার অনুরোধ জানানো হয়েছে।রাজধানীর গুলশান ক্লাবে বিএপিএলসির নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার সালমান এফ রহমান এসব কথা বলেন।বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা পূর্বঘোষণা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারমূল্যে নিজ কোম্পানির শেয়ার কিনতে পারেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারের দর বেড়ে গেলেও উদ্যোক্তারা ঘোষণা অনুযায়ী শেয়ার কিনতে বাধ্য থাকেন।জানা গেছে, বিএপিএলসি এ বিধানটি শিথিল করার অনুরোধ জানিয়েছে। বিএপিএলসি চায় উদ্যোক্তাদের ঘোষিত দরের ওপরে শেয়ারের দাম উঠে গেলে যাতে তাদের আর কিনতে না হয়।এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, একটি নির্দিষ্ট দাম ঘোষণা করে উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার কিনলে ওই দামের নিচে যাবে না। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং ভয়ে শেয়ার বিক্রির প্রবণতাও কমে যাবে। সংবাদ ব্রিফিংয়ে সালমান এফ রহমান স্বল্প মূলধনের কোম্পানির জন্য পৃথক লেনদেন ব্যবস্থা বা ট্রেডিং বোর্ড চালু করা এবং ডিএসইর সাধারণ মূল্যসূচক নতুন করে গণনারও সুপারিশ করেন। তিনি বলেন, ডিএসইতে দ্বিতীয় আরেকটি লেনদেনের বোর্ড হওয়া উচিত। দ্বিতীয় এই বোর্ডে স্বল্প মূলধনের কোম্পানি, জেড শ্রেণী, বি শ্রেণী এবং ওটিসি বাজারে থাকা কোম্পানির শেয়ারের লেনদেন হবে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির জন্য খাতওয়ারি মূল্য আয় (পিই) অনুপাত নির্ধারণ করা যেতে পারে। সংশ্লিষ্ট খাতের কোম্পানির পিই নির্ধারিত ওই অবস্থায় চলে গেলে সাধারণভাবেই দ্বিতীয় ওই বোর্ডে চলে যাবে।এ ছাড়া ডিএসইর সাধারণ মূল্যসূচক পুনর্গণনা এবং ডিএসই-২০ সূচক পাল্টে ডিএসই-৩০ সূচক চালুর সুপারিশ করার কথাও জানান সালমান এফ রহমান। তাঁর মতে, বাজারে তারল্য-সংকট মূল সমস্যা নয়, বিনিয়োগকারীদের আস্থার সংকটই মূল সমস্যা।প্রথম আলোয় ‘সালমান ও রকিবুর শেয়ারবাজারের দায়িত্ব নিলেন!’ শিরোনামে প্রকাশিত খবর সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘আমাকে কেউ দায়িত্ব দেয়নি। বিএপিএলসির সভাপতি হিসেবে নিজ দায়িত্বে আমি এটা করেছি। বাজারের খারাপ অবস্থা দেখে আমি এগিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমি শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছি। এক বৈঠকে রকিবুর রহমানের সঙ্গেও কথা হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে আমাকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’মার্জিন ঋণের ব্যাপারে বিএপিএলসির সভাপতি বলেন, যাঁরা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, দরপতনের কারণে পোর্টফোলিওতে টাকা কমে যাওয়ায় তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বর্তমান অবস্থায় শেয়ার বিক্রি করতে গিয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এ ছাড়া ব্যাংক ও লিজিং কোম্পানিগুলোও সমস্যার মধ্যে রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।