
মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের তরঙ্গ একীভূতকরণের শর্ত হিসেবে এয়ারটেলের ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে ইজিএসএম বা ৯০০ মেগাহার্টজ ব্যান্ডে এয়ারটেলের ৫ মেগাহার্টজ তরঙ্গই আছে।
বাংলাদেশে মুঠোফোন অপারেটররা দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিযোগাযোগ সেবা দিতে ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করে। ইজিএসএম ব্যান্ডের ৫ মেগাহার্টজসহ টুজি ব্যান্ডে এয়ারটেলের মোট তরঙ্গ আছে ১৫ মেগাহার্টজ। তরঙ্গ একীভূতকরণের খরচ কমানোর জন্য এয়ারটেলের টুজি ব্যান্ডের ১৫ মেগাহার্টজ তরঙ্গ থেকে ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দিতে চাওয়ার পরিপ্রেক্ষিতেই বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
রবি-এয়ারটেল একীভূতকরণে আদালতে জমা দেওয়া বিটিআরসির প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এয়ারটেলকে ৯০০ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ ছাড়তে হবে। এর ফলে তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ৫০৭ কোটি টাকা থেকে আনুপাতিক হারে অর্থ সমন্বয় করা হবে। যেহেতু এয়ারটেলের টুজি তরঙ্গের চার বছর মেয়াদ বাকি আছে, সে হিসাবে ৫ মেগাহার্টজ তরঙ্গ ছেড়ে দিলে একীভূত কোম্পানিকে তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ২০০ কোটি টাকা কম দিতে হবে।
তবে গতকাল বুধবার আদালতের শুনানিতে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দেওয়ার বিষয়টির বিরোধিতা করেছে রবি-এয়ারটেল। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চে অনুষ্ঠিত শুনানিতে অপারেটর দুটির আইনজীবী তানজিব-উল আলম বলেন, এয়ারটেল কোন ব্যান্ডের তরঙ্গ ফেরত দেবে, সেটির সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা একীভূত কোম্পানির হাতে থাকা উচিত। গ্রাহকদের উন্নত মানের সেবা দিতে এয়ারটেলের ৯০০ ব্যান্ডের ৫ মেগাহার্টজ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।
৯০০ ব্যান্ডের তরঙ্গ ফেরত চাওয়ার পেছনে বিটিআরসির যুক্তি হলো, সীমান্ত এলাকায় ভারতের টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে ‘ক্রস বর্ডার ইন্টারফিয়ারেন্স’ সমস্যার বড় কারণ এই ব্যান্ডের তরঙ্গ। ক্রস বর্ডার ইন্টারফিয়ারেন্স হলো তরঙ্গের কারণে একটি দেশের সীমানার ভেতরে অন্য দেশের অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যায়।
আজ বৃহস্পতিবারও রবি-এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে শুনানি হবে। বিটিআরসির ও সরকারের পক্ষে আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেইন আজকের শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি-এয়ারটেল। অপারেটর দুটির একীভূত হওয়ার নথিতে ১ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে একীভূতকরণের পুরো প্রক্রিয়াটি আদালতের মাধ্যমে সম্পন্ন হওয়ার বাধ্যবাধকতা থাকায় এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।