নির্দিষ্ট শিশু বাজেট প্রণয়নের দাবি
শিশু অধিকার সনদ ও জাতীয় শিশুনীতির আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ, তাদের নিরাপত্তা, সুরক্ষা, উন্নয়ন ও সুষম বিকাশের বিষয়গুলোকে সূচকে নির্ধারণ করে শিশু বাজেট প্রণয়নের দাবি করেছে শিশু অধিকারবিষয়ক পার্লামেন্টারি ককাস।আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নীতিগতভাবে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়ার দাবিও রয়েছে এ ককাসের। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এই ককাসের সঙ্গে সহযোগী হিসেবে আছে সেভ দ্য চিলড্রেন।এতে বলা হয়, ইউনিসেফের হিসাব অনুযায়ী, শহরের ৩০ লাখ শিশু চরম দুরবস্থার শিকার। ককাস বলছে, এই শিশুদের সুরক্ষা ও বিকাশের জন্য প্রকল্প গ্রহণ করার পথনকশা ঘোষণা করতে হবে। এদের দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে বাজেটে বিশেষ থোক বরাদ্দ রাখতে হবে।ককাসের প্রস্তাবে আরও বলা হয়েছে, বস্তিতে বসবাসরত শিশুদের সুরক্ষা ও বিকাশে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, শিক্ষা এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ করতে হবে। এ ছাড়া শিশু আইন অনুযায়ী জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শিশুকল্যাণ বোর্ডের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিও করেছে তারা।