নির্দেশনা অমান্য করে পদে আছেন ৩৫ জন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম শেয়ার ধারণ-সংক্রান্ত নির্দেশনা অমান্য করে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির ৩৫ জন পরিচালক নানাভাবে এখনো নিজ নিজ কোম্পানির সঙ্গে সম্পৃক্ত রয়ে গেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এঁদের বেশির ভাগই স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক হিসেবে আছেন। যদিও বিএসইসির সংশ্লিষ্টরা বলছেন, আইনি বাধ্যবাধকতার কারণে যাঁদের পদ শূন্য হয়েছে, তাঁদের কোম্পানিতে সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নেই। এ কারণে আইন অমান্যকারী এসব পরিচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসইসি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট (এনফোর্সমেন্ট) বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কমিশনের ৪৬৫তম সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে আইন ভঙ্গকারীদের চূড়ান্ত তালিকা ওই বিভাগে প্রেরণ করা হয়েছে। জানতে চাইলে বিএসইসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেসব পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত নির্দেশনার কারণে অযোগ্য বিবেচিত হয়েছেন, তাঁদের স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানির সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই। যদি ওই পরিচালক নিজ কোম্পানির ৫ শতাংশ শেয়ার ধারণ করেন, তবেই তিনি পরিচালনা পর্ষদে পুনরায় ফিরে আসার সুযোগ পাবেন।এ ছাড়া বিএসইসির প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনায় (করপোরেট গভর্নেন্স গাইডলাইন) বলা হয়েছে, ‘কোম্পানির উদ্যোক্তা বা শেয়ারধারীদের কেউই স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। এমনকি কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এবং ন্যূনতম ১ শতাংশ শেয়ারধারীর সঙ্গে পারিবারিকভাবে সম্পর্কিত কোনো ব্যক্তিও স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।’২০১১ সালের ২২ নভেম্বর বিএসইসি তালিকাভুক্ত কোম্পানির সব পরিচালককে সব সময় সংশ্লিষ্ট কোম্পানির ২ শতাংশ শেয়ার এবং কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সব সময় সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দেয়। এটি পরিপালনের জন্য ছয় মাস সময়ও বেঁধে দেয়। বিষয়টি উচ্চ আদালতে গড়ালেও উচ্চ আদালত বিএসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেন। ফলে ২০১২ সালের ২২ মে পর্যন্ত তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকেরা ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়, তাদের পদ শূন্য (ক্যাজুয়াল ভেকেন্সি) হয়ে যায়। পরবর্তীকালে অযোগ্য বা ব্যর্থ হয়ে যাওয়া পরিচালকদের বাদ দিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনসংক্রান্ত তথ্য চেয়ে কোম্পানিগুলোকে চিঠি দেয় বিএসইসি। ৩৫ জন পরিচালক: ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ না করেও এখনো বিভিন্নভাবে পরিচালক পদে রয়ে গেছেন ১৪ কোম্পানির ৩৫ জন পরিচালক। সর্বশেষ (২২ জানুয়ারি, ২০১৩) তালিকা অনুযায়ী, শর্ত পূরণ না করে এখনো যাঁরা পদে রয়ে গেছেন তাঁরা হলেন: এসিআই লিমিটেডের ওয়ালিউর রহমান ভূঁইয়া; বারাকাত উল্লাহ ইলেকট্রো ডায়ানমিসের আবদুল বারী; এক্সিম ব্যাংকের হাবিবউল্লাহ ডন; গ্লোবাল ইনস্যুরেন্সের সৈয়দা নাজমুন নাহার, খুরশিদা আহমেদ, ফরিদ হোসেন ও নার্গিস আকতার; আইএফআইসি ব্যাংকের সৈয়দ আনিসুল হক; ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের হাবিবুল আলম; ইনটেক অনলাইনের শামসুল আলম; ইসলামী ব্যাংকের শহীদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মমিনুল ইসলাম পাটোয়ারি ও ইসলামিক এডুকেশন সোসাইটির প্রতিনিধি হাফিজুল ইসলাম মিঞা; ইসলামী ইনস্যুরেন্সের ইসমাইল নওয়াব, তাজুল ইসলাম, আসমা নূর, আবদুল হালিম ও নুসতারিন জামিলা; মুন্নু সিরামিকের হারুন নাহার রশিদ ও রাশেদ মোমিনুল ইসলাম (বর্তমানে অতিরিক্ত পরিচালক); প্রাইম টেক্সটাইল স্পিনিংয়ের আবুল বাশার, ফাতেমা খাতুন, আবদুল হাফিজ ও আবদুল করিম; সোস্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদ আজম, এ জাবের মোল্লা, রেজাউল হক, সুলতান মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল পাটোয়ারি ও সাইদুর রহমান; ঝিলবাংলা সুগার মিলসের শাহদুল হক বুলবুল ও নুরুল আমিন; এবং ফাইন ফুডসের নজরুল ইসলাম ও আঙ্গুর খান। এই তালিকা তৈরির আগে বিএসইসি ব্যর্থ পরিচালককে বাদ দিয়ে কোম্পানিগুলোর পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তথ্য সংগ্রহ করে। আর বিষয়টি নিশ্চিত হতে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছ থেকে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) পরিচালকদের সত্যায়িত একটি সনদ সংগ্রহ করে। সেই সনদের ভিত্তিতে সর্বশেষ তালিকাটি করা হয়। তথ্য দেয়নি ২০ কোম্পানি: ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা ও তার সঙ্গে আরজেএসসির সত্যয়িত অনুলিপি চেয়ে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি দেয় বিএসইসি। চিঠিতে কোম্পানিগুলোকে তথ্য সরবরাহের জন্য ওই বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ১৪টি কোম্পানি বিএসইসির চিঠির কোনো জবাব দেয়নি। এর বাইরে ছয়টি কোম্পানি যথাযথ সময়ে কমিশনে তথ্য সরবরাহে ব্যর্থ হয়। অবশ্য চিঠির মাধ্যমে এই অপারগতার কথা তারা কমিশনকে অবহিত করে। এর মধ্যে কয়েকটি কোম্পানি কমিশনের কাছে বাড়তি সময় চেয়ে আবেদন করেছে। যে ১৪টি কোম্পানি কমিশনের চিঠিরই কোনো উত্তর দেয়নি, সেগুলো হলো: এমবি ফার্মাসিউটিক্যালস, আনলিমা ইয়ার্ন, সিএমসি কামাল টেক্সটাইল, মার্কেন্টাইল ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, কাশেম ড্রাইসেল, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, সমতা লেদার, ইউনাইটেড এয়ার, ম্যারিকো বাংলাদেশ, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও মেট্রো স্পিনিং। এই ১৪ কোম্পানির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০এ ধারা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।