ন্যূনতম শেয়ার ধারণ করতে না পারায় শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের পদ শূন্য হয়ে যাবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে থাকতে হলে প্রত্যেক পরিচালককে এককভাবে ওই কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর একই কোম্পানির উদ্যোক্তা- পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এসইসির এমন নির্দেশনার বিরুদ্ধে তালিকাভুক্ত একাধিক কোম্পানির পরিচালক আদালতে রিট আবেদন করলে আদালত এসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেন। এর ফলে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকদের হাতে ২ শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের পদ ছেড়ে দিতে হবে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কতজন পরিচালকের পদ শূন্য হয়েছে, তার চূড়ান্ত কোনো হিসাব এখনো পাওয়া যায়নি। জানা গেছে, রায়ের কপি হাতে পাওয়ার পর এসইসি এ-সংক্রান্ত চূড়ান্ত তালিকা সংগ্রহ করবে। তবে পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, ন্যূনতম শেয়ার ধারণ-সংক্রান্ত নির্দেশনা পরিপালনের ক্ষেত্রে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদে কিছু সমস্যা দেখা দেবে। তাৎক্ষণিক এসব সমস্যা সমাধানে এসইসিকে এখনই পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। জানা গেছে, এসইসির এই নির্দেশনার ফলে শূন্য হয়ে যাওয়া পদ পূরণের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কোনো কারণে যদি ৫ শতাংশ শেয়ারধারী পাওয়া না যায়, সে ক্ষেত্রে কীভাবে এসব পদ পূরণ করা হবে, তার সঠিক কোনো উত্তর এখনো মিলছে না। কেউ কেউ বলছেন, যদি এমনটি হয় তাহলে ২ শতাংশ শেয়ারধারীদের বছরের পর বছর পরিচালক পদে থাকার সুযোগ তৈরি হবে।আবার নির্দেশনাটি বহাল থাকলে ভবিষ্যতে তালিকাভুক্ত কোনো কোম্পানি অধিগ্রহণ ও একীভূতকরণের ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে। এসইসির নির্দেশনা অনুযায়ী, ২ শতাংশ শেয়ার না থাকার কারণে যদি কোনো পরিচালকের পদ শূন্য হয়, সে ক্ষেত্রে সাধারণ শেয়ারধারীদের কেউ যদি ওই কোম্পানির ৫ শতাংশ শেয়ার ধারণ করেন, তাহলে তিনি শূন্য পরিচালকের পদের জন্য যোগ্য বিবেচিত হবেন।যোগাযোগ করা হলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আদালতের রায় অনুযায়ী এসইসির নির্দেশনা বৈধ। এখন এই নির্দেশনা পরিপালন করতে গেলে তাৎক্ষণিকভাবে এবং দীর্ঘমেয়াদে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসইসিকে প্রথমে সেসব সমস্যা চিহ্নিত করতে হবে। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।সিদ্দিকী আরও বলেন, কোম্পানিভেদে সমস্যাগুলোও ভিন্ন ভিন্ন হবে। তাই প্রত্যেক কোম্পানির চূড়ান্ত তালিকা হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা দুরূহ। এসইসির সাবেক এই চেয়ারম্যান বলেন, এমন নির্দেশনা জারির আগে তা নিয়ে আরও ভালোভাবে চিন্তাভাবনা ও আলোচনার দরকার ছিল। তাহলে অনেক সমস্যারই সমাধান আগে থেকেই চিহ্নিত করা যেত। কিন্তু সেটা করা হয়নি। তা সত্ত্বেও যেহেতু এসইসি এমন নির্দেশনা জারি করেছে, সেহেতু এখন তাদের উচিত হবে এটির যথাযথভাবে পরিপালনে মনোযোগী হওয়া।ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, দীর্ঘমেয়াদে তৈরি হওয়া সমস্যা সমাধানের জন্য হয়তো কিছুটা সময় পাওয়া যাবে। কিন্তু এসইসিকে এখনই জোর দিতে হবে তাৎক্ষণিক সমস্যার সমাধানে।জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, এসইসির নির্দেশনা অনুযায়ী যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ২ শতাংশের কম শেয়ার আছে, তাঁদের পদ শূন্য হয়ে যাবে। যেসব কোম্পানির পরিচালকের পদ শূন্য হবে, তা তাঁরা তাঁদের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পূরণ করবেন। তখন যদি পদ পূরণের জন্য যোগ্য লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে সে ব্যাপারে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ন্যূনতম শেয়ার ধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনাটি কবে থেকে কার্যকর হবে, তা ওই নির্দেশনাতেই উল্লেখ রয়েছেও বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এ ব্যাপারে সিএসই সভাপতি বলেন, নির্দেশনাটি দেওয়া হয়েছিল কোম্পানির পরিচালকদের জন্য। যাঁদের জন্য নির্দেশনাটি জারি করা হয়েছিল, তাঁদের মধ্যে যদি এ নিয়ে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকে, তাহলে তাঁরা এ নিয়ে দুই স্টক এক্সচেঞ্জ ও এসইসির শরণাপন্ন হতে পারেন।উল্লেখ্য, গত বছর ২২ নভেম্বর জারি করা এই নির্দেশ প্রতিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল, যা এ বছর ২২ মে (গতকাল) শেষ হয়েছে।