নির্দেশনা মেনে রেকর্ড ডেট ঘোষণার নির্দেশ এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা পরিপালনের পর রাইট শেয়ারের রেকর্ড ডেট ও চাঁদা গ্রহণের তারিখ ঘোষণার নির্দেশ দিয়েছে এসইসি। আজ বৃহস্পতিবার ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএনএল) ও তাল্লো স্পিনিং মিলস লিমিটেডকে এই নির্দেশনা দেওয়া হয়। গত মঙ্গলবার এসইসি এই দুটি প্রতিষ্ঠানকে রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন দেয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি পরিষ্কার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ এপ্রিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএনএল) ও তাল্লো স্পিনিং মিলস লিমিটেডকে কমিশন রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি প্রদান করে। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির ক্ষেত্রে সব পরিচালককে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত কমিশনের নির্দেশনা (২২ নভেম্বর, ২০১১) এবং প্রত্যেক পরিচালককে পৃথকভাবে দুই শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত কমিশনের নির্দেশনা (৭ ডিসেম্বর, ২০১১) পরিপালন করতে হবে। অন্যথায় তারা রাইট শেয়ারের জন্য রেকর্ড ডেট এবং চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করতে পারবে না।’এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘আগামী ২২ মে পরিচালকদের শেয়ার ধারণের সময় শেষ হবে। সুতরাং এই সময়ের মধ্যে রেকর্ড ডেট ও চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করতে হলে প্রতিষ্ঠান দুটিকে এসইসির সংশ্লিষ্ট দুটি নির্দেশনা পরিপালন করতে হবে। এরপর তারা রেকর্ড ডেট ও চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করতে পারবে।’