নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না করলে প্লট বাতিল: শিল্পমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান সাভারের চামড়া শিল্পনগরে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হবে, সরকার তাদের প্লট বাতিল করে নতুন উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেবে। আজ বুধবার এক সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান।
হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরে ট্যানারি স্থানান্তর, নির্মাণাধীন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ডাম্পিং ইয়ার্ড প্রভৃতির নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় শিল্প মন্ত্রণালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পনগরে সিইটিপি নির্মাণ নির্ধারিত সময়ে শেষ হবে। ২০১৫ সালের মার্চের মধ্যে সিইটিপি পরীক্ষামূলকভাবে চালু করতে হলে শিল্প বর্জ্যের প্রয়োজন হবে। এর আগেই হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করে কারখানার নির্মাণকাজ শেষ করতে হবে।
সভায় পরিবেশ ও বনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্স অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যর্থ হলে দেশের চামড়াজাত পণ্য বিদেশের বাজার হারাবে। এ ক্ষেত্রে উদ্যোক্তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি নিজেদের ব্যবসার স্বার্থে দ্রুত হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য শিল্প মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় সিইটিপির নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সিইটিপি নির্মাণ শেষ হবে।
উদ্যোক্তারা ট্যানারি স্থানান্তরের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি জানালে বিষয়টি শিল্প মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয় বলে শিল্পমন্ত্রী উল্লেখ করেন।
যেসব ট্যানারির মালিক ইতিমধ্যে সাভার চামড়া শিল্পনগরে অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে শুরু করেছেন তাঁদের এ মাসেই আনুপাতিক হারে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।