নির্ধারিত সময়ের মধ্যেই শাহজালাল সার কারখানার নির্মাণকাজ শেষ করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।সিলেটের ফেঞ্চুগঞ্জে কারখানাটির নির্মাণকাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে শনিবার শিল্পমন্ত্রী এ তাগিদ দেন। মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।বৈঠকে সাংসদ মাহ্মুদ উস সামাদ চৌধুরী, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক রসময় চক্রবর্তী, শাহ্জালাল সার কারখানা প্রকল্পের পরিচালক মো. কামারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চীনের সহায়তায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রায় ছয় হাজার কোটি টাকার এ প্রকল্পটি শিল্প মন্ত্রণালয় এককভাবে বাস্তবায়ন করছে। চুক্তি অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ৩৮ মাসের মধ্যে পূর্ণাঙ্গ সার কারখানা নির্মাণ করে উৎপাদনরত অবস্থায় তা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে হস্তান্তর করবে।এই কারখানায় প্রতিদিন এক হাজার ৭৬০ টন এবং বছরে পাঁচ লাখ ৮০ হাজার ৮০০ টন ইউরিয়া সার উৎপাদিত হবে। এ ছাড়া প্রতিদিন এক হাজার টন এবং বছরে তিন লাখ ৩০ হাজার টন অ্যামোনিয়া উৎপাদিত হবে।