নির্বাচন নয়, বিজিএমইএর কমিটি হচ্ছে সমঝোতায়!
ভোটের মাধ্যমে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃত্ব নির্বাচনের পথটি বন্ধ হওয়ার সব প্রস্তুতি শেষ। সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরাম। তাদের বিরুদ্ধে কেউ প্রার্থী না হলে সভাপতি, সহসভাপতি ও পরিচালক হতে নির্বাচন লাগবে না। আর তাতে সদস্যরা নেতা নির্বাচনে নিজেদের ভোটের অধিকার হারাবেন।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস ধরে সমঝোতার জন্য উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। সর্বশেষ বিজিএমইএ কার্যালয়ে গত বৃহস্পতিবার সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা পাঁচ ঘণ্টা বৈঠক করেন। এতে সংগঠনের নেতৃত্ব আগামী দুই মেয়াদের জন্য কীভাবে ভাগাভাগি হবে সেটি চূড়ান্ত হয়। এর আগেও দুই মেয়াদে সমঝোতার ভিত্তিতে বিজিএমইএর কমিটি হয়েছিল। পরে আবার নির্বাচনে ফিরে আসে সংগঠনটি।
ইতিমধ্যে ২০১৫-১৬ অর্থবছরের জন্য বিজিএমইএর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে ৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ হওয়ার কথা। এবার কমিটির পরিচালক পদের সংখ্যা ২৭ থেকে ৩৫-এ উন্নীত হবে। তাঁদের মধ্য থেকে একজন সভাপতি ও সহসভাপতি হবেন সাতজন। এদিকে বর্তমান কমিটির মেয়াদ গত মার্চে শেষ হলেও তা সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিষদ ও ফোরামের বৈঠকে বিজিএমইএর সাবেক সভাপতিদের সমন্বয়ে একটি কমিটি করা হয়। এখন পর্যন্ত নাম ঠিক না হলেও সাংসদ ও সংগঠনের সাবেক সভাপতি টিপু মুন্সী এবং আরেক সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী যথাক্রমে কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। এই কমিটিই মূলত ভবিষ্যতে কারা নেতা হবেন, চূড়ান্ত করবে। আগামী দুই মেয়াদের প্রথম দুই বছরের জন্য সম্মিলিত পরিষদ থেকে সভাপতি হবেন। পরের দুই বছরের জন্য সভাপতির পদটি পাবে ফোরাম। সেই হিসেবে আসছে সেপ্টেম্বরে বিজিএমইএর সভাপতি হতে পারেন সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান। গত বছরই তাঁকে এই পদের জন্য মনোনয়ন দেয় সম্মিলিত পরিষদ।
এ ছাড়া আগামী দুই বছরের জন্য সম্মিলিত পরিষদ সভাপতিসহ ঢাকায় তিন ও চট্টগ্রামের একটি সহসভাপতির পদ এবং ফোরাম ঢাকায় দুই ও চট্টগ্রামে একটি সহসভাপতি পদ পাবে। পরের বছর দুই পক্ষের মধ্যে এই সংখ্যক পদ অদলবদল হবে। অবশ্য তৃতীয় মেয়াদ থেকে পরিষদ ও ফোরাম একীভূত হয়ে একটি স্বতন্ত্র দল হয়ে যাবে। তখন সাবেক সভাপতিদের ওই কমিটিই সভাপতিসহ অন্য পদের জন্য প্রার্থী বাছাই করে দেবে।
জানতে চাইলে সাবেক সভাপতি ও ফোরামের নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী গত বুধবার এই প্রতিবেদককে বলেন, ‘বিজিএমইএ দিন দিন দুর্বল হচ্ছে। পেশাদার লোক নাই। আগামী দিনে ক্রেতাদের সঙ্গে দেনদরবার, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নেওয়া এবং শ্রম ইস্যুসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএর সচিবালয় ও বোর্ডকে শক্তিশালী করা দরকার। সে জন্যই যোগ্য ব্যক্তিদের নিয়ে আসতে এ ধরনের একটি উদ্যোগ দরকার ছিল।’
সাধারণ সদস্যরা এই সিদ্ধান্ত মানবেন কি না জানতে চাইলে আনোয়ার-উল-আলম বলেন, ‘সবাই বিজিএমইএকে শক্তিশালী দেখতে চায়। কারণ, গত কয়েকটি কমিটি তাদের চাহিদাগুলো পূরণ করতে পারেনি। শেষ পর্যন্ত ব্যবসাটি তো মালিকদের রোজগারের জায়গা। তাই এখনই সময় আমাদের মধ্যে একটি ঐক্যে পৌঁছানো।’ গতকাল শনিবার তিনি সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিএমইএকে একটি করপোরেট প্রতিষ্ঠানের মতো গড়ে তোলা হবে। নেতৃত্বে যাঁরা আসবেন, তাঁরা সাবেক সভাপতিদের সমন্বয়ে গঠিত কমিটির কাছে কাজের জবাবদিহি করবেন। আবোলতাবোল আর কাউকে সদস্য করা হবে না।’
আরেক সাবেক সভাপতি ও সমন্বয় পরিষদের নেতা আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, বর্তমান ব্যবসার যে করুণ অবস্থা, সেটি থেকে বেরিয়ে আসতে ও সংগঠনের সক্ষমতা বাড়াতেই সমঝোতার উদ্যোগটি নেওয়া হয়েছে। তবে অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হলে তাঁর কাজের জবাবদিহির একটা জায়গা থাকত। এখন এটি কমে যেতে পারে। তবে আবার ভালোও হতে পারে।