নির্বাচন-পরবর্তী সহিংসতায় উদ্বিগ্ন এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র জনগোষ্ঠীর ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বাসাবাড়িতে হামলা-নির্যাতন, রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা ও সহিংসতা এবং টানা অবরোধ-হরতাল ডাকায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এফবিসিসিআই বলেছে, যশোরের ছয়টি পাড়ায় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি ও লুটপাট এবং ঢাকার দোহারে কুপিয়ে ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরে ব্যবসায়ী সমাজ আতঙ্কিত। আবার নির্বাচন-পূর্ববর্তী সময় থেকে টানা অনির্দিষ্টকালের জন্য অবরোধে ও নির্বাচনের পর ৪৮ ঘণ্টা হরতালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে উপনীত হচ্ছে।
দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক রাখতে বিরাজমান সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন এবং জড়িত বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।