আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট কোনো ‘নির্বাচনী বাজেট’ হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনী বাজেট হবে পরেরটি। দেশের স্বার্থে যে বাজেট করা দরকার, সেই বাজেটই হচ্ছে।’ সচিবালয়ে গতকাল রোববার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘মোটের ওপর অর্থনীতির অবস্থা ভালো এবং মূল্যস্ফীতি আগামী বছর সাত থেকে আট শতাংশের মধ্যেই থাকবে। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ২০ শতাংশ। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, দুর্নীতির সন্দেহের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজে আর দেরি করা যায় না। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই এর অর্থায়নের উৎস চূড়ান্ত করা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘এমনিতেই এক থেকে দেড় বছর নষ্ট হয়ে গেল। সময় নষ্ট করার সময় আর নেই। দুর্নীতির এ রকম এক অদ্ভুত অভিযোগে আমরা কাজ বন্ধ করে রাখতে পারি না।’ অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে কোথাও কোনো দুর্নীতি হয়নি। এপ্রিলে বিশ্বব্যাংক একটি তদন্ত করেছে। একটি প্রতিবেদনও দিয়েছে তারা। ওখানে দুর্নীতির সম্ভাবনার কথা বলা হয়েছে। এ প্রকল্পে এখন পর্যন্ত পুনর্বাসনের যে কাজ হয়েছে তার সবটাই আমাদের টাকায়। বিশ্বব্যাংকের অভিযোগের ভিত্তিতে অক্টোবরে দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি তদন্ত করেছে। কিন্তু দুর্নীতির কিছুই পায়নি দুদক। এবারে তারা (বিশ্বব্যাংক) এ সম্বন্ধে আর কিছু বলেনি।’ আগামী বাজেটে পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখার কথা জানিয়ে মুহিত বলেন, ‘আশা করছি, এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগীরা আমাদের সঙ্গে থাকবে। আর, সেতু নির্মাণে মালয়েশিয়ারও একটি প্রস্তাব আছে। কিন্তু সেটা এখনো হাতে পাইনি। বরং যেটা হাতে আছে সেটাই চেষ্টা করা উচিত। না হলে অন্য কিছু দেখব।’মুহিত বলেন, মূল্যস্ফীতি ব্যাপকভাবে নির্ভর করছে ব্যাংকঋণের ওপর। আর ব্যাংকঋণ বেশি নিতে হয়েছে ভর্তুকির কারণে। তিনি বলেন, ‘ভর্তুকি বাদ দেব, এটা কিন্তু বলি না। দেখতে হবে যে, অর্থনীতিতে প্রকৃত প্রবৃদ্ধি হচ্ছে কি না। এটা হলো, ওটা হলো—অনেকেই বলেন। এগুলো কোনো কাজের কথা নয়।’ বাজেট-সহায়তা বাবদ অর্থপ্রাপ্তি প্রসঙ্গে নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অর্থ কিছুই আসেনি। জ্বালানি তেলের দাম আবার কবে থেকে সমন্বয় করা হবে এবং তেল আমদানি কমবে বা ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাবে কি না—এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আবার সমন্বয়ের বিষয়টি কবে থেকে আমি জানি না। আর ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ হবে না। কারণ তাদের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে।’ যাঁরা সৎ থেকে কর দিতে চান, তাঁদের বঞ্চিত করে কালোটাকার মালিকদের প্রণোদনা না দেওয়ার আহ্বান জানান আব্দুল কাইয়ুম। এ ছাড়া নিউজপ্রিন্টের ওপর থেকে শুল্ক কমানোর দাবি জানান তিনি। জবাবে অর্থমন্ত্রী কালোটাকা প্রসঙ্গে বলেন, ‘এটা নিয়ে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি।’ভবিষ্যতে মূল্যস্ফীতি কীভাবে কম থাকবে—বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুলের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে যেভাবে কমছে, সেভাবেই কমবে। কমার কারণ হবে ভালো সরবরাহ ও কম ব্যাংকঋণ।’ সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করে কি এমন কিছু বলে গিয়েছেন যে ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে অর্থমন্ত্রীসহ সরকারের তিনজন মন্ত্রীর প্রায় একই ধরনের দেহের ভাষা ও শব্দপ্রয়োগ দেখা গেছে—মনজুরুল আহসান বুলবুলের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি কী বলেছেন, তা কাগজে ও টিভিতে দেখেছি। আমার মন্তব্য সাধারণ। গ্রামীণ ব্যাংক দখল করার যে কথা উঠেছে, সেটা একেবারেই বাজে। কারণ, এটা সরকারেরই প্রতিষ্ঠান।’অর্থমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্রঋণ সরকারের কর্মসূচি। শুধু গ্রামীণ ব্যাংক নয়, ব্র্যাক, আশা, প্রশিকার মতো বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথাও কোনো অভিযোগ নেই। অত শঙ্কা ও হইচই করে তারাই, যারা এ সম্পর্কে কিছু জানে না।পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, দাতাদের সঙ্গে যা আছে, সেটা হলেই ভালো হবে। চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, কৃষকদের জন্য ভর্তুকি থাকতেই হবে। তিন কোটি টন খাদ্যের উৎপাদন হয় যেখানে, সেখানে খাদ্যগুদাম আছে মাত্র ১৫ লাখ টনের। এ গুদাম বাড়ানো দরকার। এ ছাড়া আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক রাহাত খান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ফাহিম মুনয়েম, ডেইলি স্টার-এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহ হোসেন ইমাম, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খোন্দকার মুনীরুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।