সিপিডির আয়োজনে পরামর্শক সভায় টাকা পাচার বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশ
নির্বাচনের আগে টাকা পাচার বাড়ে

বাংলাদেশে টাকা রাখতে ভয় পান, তাই সম্পদশালী ব্যক্তিদের অনেকে অর্থ বিদেশে পাঠিয়ে দেন। রাজনৈতিক অস্বস্তির কারণেও অনেকে টাকা পাচার করেন। নির্বাচনের আগে টাকা পাচারের পরিমাণ বাড়ে। আবার দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় এবং নিরাপত্তার অভাবে পুঁজি চলে যায় অন্য দেশে। উচ্চ কর হারের কারণে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে আমদানি-রপ্তানির নামেও বিপুল অর্থ পাচার হয়।
টাকা পাচার নিয়ে গতকাল শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বিশেষজ্ঞ পরামর্শক সভায় অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীরা এসব কথা বলেন। টাকা পাচার বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাজের সমন্বয় করার তাগিদ দেন তাঁরা। কাজের সমন্বয় করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশও করেন তাঁরা।
বক্তারা বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এ জন্য রাজনৈতিক নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
সভায় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খানের মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ থেকে ক্রমান্বয়ে বিদেশে অর্থ পাচার বেড়েছে। অর্থ পাচারের দিক থেকে শীর্ষ ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০তম। টাকা পাচার রোধে মোটাদাগে চারটি সুপারিশ করেছে সিপিডি। এগুলো হলো আইনগত ও প্রাতিষ্ঠানিক—এ দুই ধরনের সক্ষমতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় রক্ষা, অন্য দেশের সঙ্গে সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পানামা পেপারসে যাঁদের নাম আছে, তাঁদের কতজনের বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে, তা জানি না। আমদানি-রপ্তানির সময় মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে টাকা পাচার রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি বেড়ে গিয়েছিল। কিন্তু তখন বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছিল না। তাহলে নতুন মূলধনি যন্ত্রপাতি কেন আমদানি হচ্ছে—এ বিষয়ে এনবিআর কোনো অনুসন্ধান করেনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেন, বাংলাদেশে অনেকে টাকা রাখতে ভয় পান। তাই বিদেশে টাকা পাচার করেন। শুধু করের হার কমালেই টাকা পাচার বন্ধ হবে না। টাকা পাচার বন্ধে একটি স্থায়ী আইনি কাঠামো তৈরির সুপারিশ করেন তিনি। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক কিংবা এনবিআর একা টাকা পাচার বন্ধ করতে পারবে না। এ জন্য একটি স্বতন্ত্র অফিস তৈরি করা উচিত। অনেকটা গুরুতর অপরাধ দমন অফিসের মতো। এটা হওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে। এ অফিসে পুলিশ, অর্থনীতিবিদ ও সমাজতত্ত্ববিদেরা থাকতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বিনিয়োগের সুযোগের অপ্রতুলতার কারণেই মূলত টাকা পাচার হয়। এতে কোনো সন্দেহ নেই। বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে এত টাকা পাচার হতো না। তাঁর মতে, রাজনৈতিক অস্বস্তির কারণেও টাকা পাচার হয়। নির্বাচনের বছর ২০০৮ সালে যে টাকা পাচার হয়েছে, তা আগের বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি। আর ২০১৩ সালে যে অর্থ পাচার হয়েছে, তা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। নির্বাচন এলেই টাকা পাচার হয়। এ জন্য রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।
ফরাসউদ্দিন বলেন, ‘অর্থ পাচারকারীদের মনস্তাত্ত্বিক বিষয়টি হলো, অনেক টাকা করে ফেলেছি। ছেলেমেয়েরা দেশের চেয়ে বিদেশে ভালো থাকবে।’ তিনি বলেন, ‘চোরাচালানের সোনা ধরা হচ্ছে। কিন্তু বিচার হচ্ছে কি না জানি না। এখন মনে হচ্ছে সোনা ধরে বাজেয়াপ্ত করাই প্রধান কাজ। সোনা ও অর্থ পাচারকারীদের বিচার হওয়া দরকার।’
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, গত কয়েক বছরে নানাভাবে আইনের সংস্কার হলেও টাকা পাচার বেড়েছে। তিনি মনে করেন, আবাসন খাতেই সবচেয়ে বেশি কালোটাকা তৈরি হয়।
দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, বিনিয়োগ-নিঃস্ব একটি দেশ এখন ক্রমান্বয়ে পুঁজি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এর মতো বৈপরীত্য আর কিছু দেখি না। যে দেশে বিনিয়োগের জন্য পুঁজি আসছে না, সেই দেশ থেকেই পুঁজি পাচার হয়ে যাচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘অনেকে দুবাইয়ে বিশাল বাড়ি কিনছেন, কিন্তু আমরা দেখেও দেখি না। এত সোনা ধরা হচ্ছে। কিন্তু কারা সোনা চোরাচালান করছে, তা ধরতে পারছি না।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ক্ষমতার পরিবর্তনের সময় অনিশ্চয়তা তৈরি হয়। এটা অনেককে অর্থ পাচারে উৎসাহিত করে। অর্থ পাচার ও কালোটাকা উৎপাদন বন্ধ করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের মতে, কয়েক বছর ধরেই টাকা পাচার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে না। এটা ধীরে ধীরে ক্যানসারের মতো পুঞ্জীভূত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমদ বলেন, দেশে শান্তি না থাকলে এবং একটি বিশৃঙ্খল সমাজ থাকলে কেউ টাকা রাখবে না। গরিব মানুষের উপায় নেই বলে এখানে টাকা রাখছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘যতই আইন সংস্কার করি না কেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে টাকা পাচার বন্ধ করা যাবে না।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দিন আহমেদের মতে, শুল্ক বিভাগ এখন যথেষ্ট তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই বাণিজ্যনির্ভর অর্থ পাচার ঠেকানো সম্ভব।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘গত ১০ বছরে গুলশান-বনানীর বাড়ি বিক্রির ৮০ শতাংশ অর্থ দেশের বাইরে লেনদেন হয়েছে। আমরা দেখেও এসব দেখছি না।’
এ ছাড়া বক্তব্য দেন সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ (রুমী) আলী, এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান, দুদকের মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।