নির্বাচনের আগে বাফা সভাপতির প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কবির আহমেদের ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কাস্টমস লাইসেন্সিং কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ‘কনভেয়র লজিস্টিকস লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়।

বাফার সভাপতির প্রতিষ্ঠানের লাইসেন্স এমন সময়ে বাতিল করা হয়েছে, যখন সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন ১২ দিন পর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সম্মিলিত ফোরামের দলনেতা হলেন বর্তমান সভাপতি কবির আহমেদ। ফ্রেইট ফরোয়ার্ডিং নীতিমালা অনুযায়ী আরব্রিটেশন কমিটি গঠন না করে নির্বাচনের আগে লাইসেন্স বাতিল করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সম্মিলিত ফোরাম।

ফ্রেইট ফরোয়ার্ডার হলো আমদানি–রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাফার নির্বাচন ১৯ ডিসেম্বর। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এক রপ্তানিকারকের অভিযোগ আমলে নিয়ে শুনানি করে এই লাইসেন্স বাতিল করে লাইসেন্সিং কর্তৃপক্ষ। দুই বছর আগে চালানটি রপ্তানি করে বেইস ফ্যাশন লিমিটেড। রপ্তানিকারক অভিযোগ করেন, রপ্তানি চালানের মূল্য পরিশোধ না করে বিদেশের বন্দর থেকে পণ্য খালাসের জন্য সহযোগিতা করে কনভেয়র লজিস্টিকস লিমিটেড। এই অভিযোগের পর কনভেয়র লজিস্টিকস লিমিটেডকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব দেওয়া হলেও শুনানিতে উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠানের কেউ। সর্বশেষ শুনানি শেষে সময় বাড়ানোর আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে সময় বাড়ানোর আবেদন আমলে নেয়নি কাস্টমস লাইসেন্সিং কর্তৃপক্ষ।

কাস্টমস লাইসেন্সিং কর্তৃপক্ষের সভাপতি ও চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে তিনি যে আদেশ দিয়েছেন, তাতে বলা হয়েছে রপ্তানিকারকের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। সময় বাড়ানোর আবেদন করে বিচারিক প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে বলে তাঁর আদেশে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাফা সভাপতি কবির আহমেদ দাবি করেন, লাইসেন্স বাতিল করতে হলে ফ্রেইট ফরোয়ার্ডাস নীতিমালা অনুযায়ী আরব্রিটেশন কমিটি গঠন করে সিদ্ধান্ত নিয়ে রাজস্ব বোর্ডকে জানাতে হয়। এরপরই লাইসেন্সিং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে। রপ্তানিকারকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি ক্রেতা পণ্য খালাস করে না নিলে বা পণ্য দেশে আনতে ব্যর্থ হলে তার দায় কোনোভাবেই পণ্য পরিবহনকারীর ওপর বর্তায় না।

ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, লাইসেন্স বাতিল করায় এই প্রতিষ্ঠানের বিপরীতে যেসব রপ্তানি পণ্য পরিবহনের পর্যায়ে আছে, সেগুলোর রপ্তানি বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে খালাসের অপেক্ষায় থাকা আমদানি পণ্য খালাস বাধাগ্রস্ত হবে।

লাইসেন্স বাতিল করায় সম্মিলিত ফোরামের নেতা আমিরুল ইসলাম চৌধুরীর অভিযোগ, প্যানেলের দলনেতা কবির আহমেদকে নির্বাচন থেকে সরিয়ে দিতে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।