নির্বাচনের পর অস্থির অস্ট্রেলিয়ার আর্থিক বাজার
সাধারণ নির্বাচনের পর অস্থির রাজনীতির প্রভাব খুবই স্পষ্ট অস্ট্রেলীয় শেয়ারবাজারে। গত শনিবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে একটি ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতি সৃষ্টি হওয়ার জের ধরে দেশটির আর্থিক বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পরপরই অস্ট্রেলীয় ডলার ও সরকারি বন্ডের মূল্য কমে গেছে।আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে অস্ট্রেলীয় ডলারের দাম মার্কিন ডলারের বিপরীতে এক শতাংশ কমে যায়।নির্বাচনে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টে স্বতন্ত্র সদস্যদের কদর অনেকটাই বেড়ে গেছে। গিলার্ড এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন স্বতন্ত্র সাংসদদের সমর্থন আদায়ে। তিনি অবশ্য জানিয়েছেন, নির্বাচনের চূড়ান্ত ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সরকার গঠনের ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছেন।গিলার্ড আরও বলেছেন, তাঁর দল লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৭৬টি আসন পায়নি।অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেল আভাস দিয়েছে, এ নির্বাচনে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লেবার পার্টি ৭২ ও বিরোধী কনজারভেটিভ পার্টি ৭৩টি আসন পাবে। তবে যে দল স্বতন্ত্র সদস্যদের সমর্থন আদায়ে এগিয়ে থাকবে, তারাই সরকার গঠন করবে।—বিবিসি অনলাইন